
দুবাইয়ে লটারি কিনে ৬৮ কোটি টাকা জিতলেন চাঁদপুরের সবুজ মিয়া
বাংলা রিডার ডেস্ক
চাঁদপুরের সবুজ মিয়া আমির দুবাইয়ে ১ হাজার দিরহাম দিয়ে লটারি কিনে জিতেছেন ২০ মিলিয়ন দিরহাম, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬৮ কোটি টাকা।
জানা গেছে, সবুজ মিয়া দুবাইয়ে দর্জির কাজ করেন। গত ২৯ জুলাই আবুধাবির ড্রাগন মার্ট এলাকা থেকে বিগ টিকিট লটারির ২৭৭ নম্বর সিরিজের একটি টিকিট কেনেন তিনি। সেই টিকিটের নম্বর ছিল ১৯৪৫৬০। ৩ আগস্ট অনুষ্ঠিত ড্রতে তিনিই বিজয়ী হন। ২ সেপ্টেম্বর আয়োজকরা তার হাতে পুরস্কারের টাকা তুলে দেন।
আর্থিক সঙ্কটে থাকা অবস্থায় সবুজ ওই টিকিট কেনার জন্য ৫০০ দিরহাম ধার করেছিলেন। লটারি জয়ের খবর ছড়িয়ে পড়ার পর অসংখ্য মানুষ তাকে ফোন দিতে থাকেন, ফলে তিনি বর্তমানে ফোন বন্ধ রেখেছেন।
সবুজের মামাতো ভাই সাদ্দাম হোসেন জানান, নদীভাঙনে ঘর হারানো পরিবারকে গাজীপুরে বাড়ি করে দিয়েছেন সবুজ। প্রায় ১০-১২ বছর ধরে তিনি প্রবাসে থেকে পরিশ্রম করে পরিবার চালাচ্ছিলেন।
রাজরাজেশ্বর ওমর আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সফিউল্লাহ সরকার জানান, লটারিতে বিজয়ের পর সবুজের সঙ্গে তার কথা হয়েছে। তিনি বলেন, “সবুজ অনেক কষ্ট করেছে, এবার তার ভাগ্য বদলে গেল।”
সবুজ এখনও প্রকাশ করেননি, তিনি এই অর্থ কীভাবে ব্যবহার করবেন। মোবাইলে যোগাযোগের চেষ্টা করেও তার সাড়া পাওয়া যায়নি।



