শিক্ষাঙ্গনে সহিংসতা বরদাশত করা হবে না: শিক্ষামন্ত্রী

বাংলা রিডার ডেস্ক
দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সাম্প্রতিক সংঘর্ষ ও সহিংসতার ঘটনায় কঠোর অবস্থানের কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, শিক্ষাঙ্গনে কোনো ধরনের সন্ত্রাস, সংঘর্ষ বা সহিংসতা সহ্য করা হবে না।

মন্ত্রী বলেন, শিক্ষার পরিবেশ বিনষ্ট করে এমন কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। শিক্ষাপ্রতিষ্ঠানে শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশ বজায় রাখতে সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করবে বলেও তিনি উল্লেখ করেন।
মঙ্গলবার (০৪ আগস্ট) বিকেলে শিক্ষামন্ত্রী বলেন, সাম্প্রতিক ঘটনাগুলো সরকার নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। শিক্ষাপ্রতিষ্ঠানের স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে প্রয়োজনীয় নির্দেশনাও দেওয়া হয়েছে।

তিনি বলেন, ‘ঘটনাগুলো সম্পর্কে আমরা অবগত। পড়ালেখা বাদ দিয়ে যারা এসব ঘটনায় জড়াচ্ছে, তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়েছে। আমরা শিক্ষাঙ্গনে কোনো সন্ত্রাস বরদাশত করব না। কেউ উসকানি দিলে তাদেরও শাস্তির আওতায় আনা হবে।’

জানা গেছে, গত তিন দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়সহ দেশের অন্তত পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় বিভিন্ন ছাত্রসংগঠনের নেতাকর্মীরা জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। সংঘর্ষে অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন। কয়েকটি ঘটনায় লাঠিসোঁটা, রডসহ দেশীয় অস্ত্র ব্যবহারের অভিযোগও উঠেছে।

এসব ঘটনার পর বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজে উদ্বেগ তৈরি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সংশ্লিষ্ট প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে। শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শিক্ষাঙ্গনে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে এবং সহিংসতার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজ্ঞাপন

Recommended For You