
বাংলা রিডার ডেস্ক
চাঁদপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি, জেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি ও প্রবীণ রাজনীতিক মাহবুব আনোয়ার বাবলু আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শনিবার (২৫ জুলাই ২০২৬) দিবাগত রাত ১টা ১৫ মিনিটে চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুমের নামাজে জানাজা রোববার বাদ আসর চাঁদপুর সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
পরিবার সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। শুক্রবার দুপুরে নিজ বাসায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে চাঁদপুর-৩ সদর আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিকের নির্দেশনায় দলীয় নেতৃবৃন্দের মাধ্যমে দ্রুত চাঁদপুর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কেবিন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় শনিবার দিবাগত রাত সোয়া ১ টায় কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি স্ত্রী, একমাত্র ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন। মাহবুব আনোয়ার বাবলুর আকস্মিক মৃত্যুতে চাঁদপুর জেলার রাজনৈতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যুর খবর পেয়ে রাত থেকেই দলীয় নেতাকর্মী, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ হাসপাতালে এবং তাঁর বাসভবনে ভিড় জমান।



