গণভোট থেকে সরে আসায় জনগণ হতাশ —–হাসনাত আবদুল্লাহ

বাংলা রিডার ডেস্ক
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, গণভোটের দাবি থেকে সরকারের সরে আসার সিদ্ধান্তে জনগণ হতাশ ও মর্মাহত হয়েছে। একই সঙ্গে তিনি কর্মসংস্থান, লোডশেডিং এবং সামগ্রিক জনদুর্ভোগের বিষয় তুলে ধরে সরকারের সমালোচনা করেন।

শনিবার (১১ জুলাই) বিকেলে চাঁদপুর শহরের বাইতুল আমিন শপথ চত্বর মোড়ে গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং সীমান্ত সুরক্ষার দাবিতে আয়োজিত ‘জুলাই পদযাত্রা’ শেষে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে এনসিপির মাসব্যাপী ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচির অংশ হিসেবে এই পদযাত্রার আয়োজন করা হয়।

হাসনাত আবদুল্লাহ বলেন, সরকার এক কোটি কর্মসংস্থান সৃষ্টির প্রতিশ্রুতি দিলেও ছয় মাস পেরিয়ে যাওয়ার পরও সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন দেখা যায়নি। তিনি বেকার তরুণ-তরুণীদের জন্য দ্রুত কার্যকর কর্মসংস্থানের ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

বিদ্যুৎ পরিস্থিতির প্রসঙ্গ তুলে তিনি বলেন, দেশে দিন দিন লোডশেডিং বেড়ে চলেছে। ইরান যুদ্ধের অজুহাতে জ্বালানি তেলের দাম বাড়ানো হলেও বিদ্যুৎ সংকট নিরসনে সরকার দৃশ্যমান কোনো কার্যকর পদক্ষেপ নিতে পারেনি। এর ফলে নিত্যপ্রয়োজনীয় সেবা থেকে শুরু করে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রা আরও দুর্ভোগপূর্ণ হয়ে উঠেছে বলে মন্তব্য করেন তিনি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, যুগ্ম সদস্য সচিব মো. আকরাম হোসেন ও মহিউদ্দিন রনি, কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মো. আতাউল্লাহ, জাতীয় ছাত্রশক্তির সদস্যসচিব আবু বকর মজুমদার এবং যুগ্ম মুখ্য সমন্বয়ক মাহাবুব আলম ও নাবিদ নওরোজ শাহ।

এনসিপি চাঁদপুর জেলা শাখার আহ্বায়ক মো. মাহবুব আলমের সভাপতিত্বে এবং সদস্য সচিব আমানউল্লাহ পাটওয়ারীর সঞ্চালনায় অনুষ্ঠানে কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে নেতারা মতলব উত্তর উপজেলার ছেংগারচর বাজারে আয়োজিত জুলাই পদযাত্রা ও পথসভায় অংশ নেন ।

 

 

বিজ্ঞাপন

Recommended For You