
সাইদ হোসেন অপু চৌধুরী
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে চর্যাপদ সাহিত্য একাডেমির সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী ও লেখক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠার অষ্টম বর্ষে পদার্পণ উপলক্ষে শুক্রবার (১০ জুলাই) সকালে চাঁদপুর শহরের বৈশাখী চাইনিজ রেস্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংস্কৃতি মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব ও সমবায় অধিদপ্তরের সাবেক মহাপরিচালক, কবি ও গবেষক আমিনুল ইসলাম ফিতা কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন।
প্রধান অতিথির বক্তব্যে আমিনুল ইসলাম বলেন, চাঁদপুরের সাহিত্য অঙ্গন অত্যন্ত সমৃদ্ধ। চর্যাপদ সাহিত্য একাডেমির পুরস্কারপ্রাপ্তদের তালিকা পর্যালোচনা করে তিনি পুরস্কার নির্বাচনের স্বচ্ছতা ও মানসম্পন্ন মূল্যায়নের প্রশংসা করেন। একই সঙ্গে তিনি বলেন, রাজনৈতিক বিভাজনের কারণে দেশের সাহিত্যচর্চার পরিবেশ অনেক ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ সংকট কাটিয়ে সাহিত্যচর্চাকে আরও বিকশিত করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী ও জলছবি সম্পাদক কবি জামসেদ ওয়াজেদ। বিশেষ অতিথি ছিলেন বিজয়ী নারী উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা তানিয়া ইশতিয়াক খান।
চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী বলেন, চর্যাপদ সাহিত্য একাডেমির সাত বছরের পথচলা চাঁদপুরের সাহিত্য-সংস্কৃতির বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। লেখক, কবি, গবেষক ও সংস্কৃতিকর্মীদের একত্রিত করে সাহিত্যচর্চার যে পরিবেশ একাডেমি গড়ে তুলেছে, তা প্রশংসনীয়। গুণীজনদের সম্মাননা প্রদান নতুন প্রজন্মকে সাহিত্য ও সংস্কৃতিচর্চায় উৎসাহিত করবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে চর্যাপদ সাহিত্য একাডেমি পুরস্কার-২০২৫ ও ২০২৬ প্রদান করা হয়। ২০২৫ সালের জন্য কবিতায় রহমান হেনরী, কথাসাহিত্যে আকিমুন রহমান এবং শিশুসাহিত্যে এনায়েত রসুলকে সম্মাননা দেওয়া হয়। ২০২৬ সালের জন্য কবিতায় জরিনা আখতার, প্রবন্ধ সাহিত্যে প্রণব মজুমদার এবং নাট্যসাহিত্যে মোস্তফা কামাল যাত্রাকে পুরস্কৃত করা হয়। এছাড়া নারী শিক্ষা ও সামাজিক উন্নয়নে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ইয়ূথ ফোরাম বাংলাদেশের কো-অর্ডিনেটর অ্যাডভোকেট আলেয়া বেগম লাকী বিশেষ সম্মাননা লাভ করেন।
একাডেমির সভাপতি আয়েশা আক্তার রুপার সভাপতিত্বে এবং মহাপরিচালক রফিকুজ্জামান রণির সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উদযাপন আহ্বায়ক শিউলী মজুমদার।
অনুষ্ঠানে শংসাপত্র পাঠ করেন জয়ন্তী ভৌমিক, আইরিন সুলতানা লিমা, কামরুন্নাহার বিউটি, পিএম বিল্লাল, মিজানুর রহমান স্বপন ও ঐশী ঘোষ। এছাড়া দিপান্বিতা দাস, নাজমুল ইসলাম, প্রাপ্তি, রাসেল ইব্রাহীমসহ কয়েকজন কবি ও আবৃত্তিশিল্পী কবিতা পরিবেশন করেন।
দিলীপ ঘোষের হাওয়াইন গিটার, বেলাল শেখের বাঁশির সুর এবং বাচিকশিল্পীদের আবৃত্তিতে অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে ওঠে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।



