গোল্ডেন বুটের দৌড়ে জমেছে লড়াই

বাংলা রিডার ডেস্ক
২০২৬ ফিফা বিশ্বকাপ এখন পৌঁছে গেছে কোয়ার্টার ফাইনাল পর্বে। শিরোপার লড়াইয়ের পাশাপাশি সবচেয়ে বেশি গোলদাতার পুরস্কার ‘গোল্ডেন বুট’ জয়ের প্রতিযোগিতাও এখন তুঙ্গে।

গ্রুপ পর্ব ও শেষ ষোলোর খেলা শেষে একাধিক তারকা ফুটবলার সর্বোচ্চ গোলদাতার তালিকায় নিজেদের অবস্থান শক্ত করেছেন। তবে নকআউট পর্বের প্রতিটি ম্যাচই এখন এই লড়াইয়ে নতুন সমীকরণ তৈরি করতে পারে।

কারণ, এখান থেকে প্রতিটি গোলের গুরুত্ব কয়েকগুণ বেড়ে যায়।
শীর্ষে লিওনেল মেসি

আর্জেন্টিনাকে কোয়ার্টার ফাইনালে তুলতে বড় ভূমিকা নিয়েছেন লিওনেল মেসি।

শেষ ষোলোয় মিশরের বিরুদ্ধে একটি গোল ও একটি অ্যাসিস্ট করে আবারও প্রমাণ করেছেন, বয়স তার ফুটবল মস্তিষ্ককে স্পর্শ করতে পারেনি। আর্জেন্টিনা যদি সেমিফাইনাল ও ফাইনালে ওঠে, তাহলে আরও অন্তত দুটি ম্যাচ পাবেন তিনি।
ফলে গোল্ডেন বুটের লড়াইয়ে তিনিই আপাতত সবচেয়ে শক্তিশালী দাবিদার।
সেকেন্ড বয় এমবাপ্পে-হালান্ড

তবে সবচেয়ে বড় চ্যালেঞ্জার কিলিয়ান এমবাপ্পে। গত দুই বিশ্বকাপেই গোলের বন্যা বইয়ে দেওয়া ফরাসি তারকা নকআউটে একটিমাত্র বিস্ফোরক ম্যাচ খেললেই শীর্ষে উঠে আসতে পারেন। বড় ম্যাচে গোল করার অভ্যাসই তাকে অন্যদের থেকে আলাদা করে তোলে। নরওয়ের আর্লিং হালান্ডও এমবাপ্পের সমান সংখ্যক ৭ গোল করে এমবাপ্পের সঙ্গে যৌথভাবে দ্বিতীয় স্থানে রয়েছেন।

এদিকে, স্পেনের গঞ্জালো গার্সিয়াও চমক দেখাচ্ছেন। নকআউট পর্বে তার একটি জোড়া গোলই তাকে গোল্ডেন বুটের দৌড়ে মেসি-এমবাপ্পের সমকক্ষ করে দিতে পারে। ইংল্যান্ডের হ্যারি কেনকেও কোনোভাবেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না। নকআউটে অভিজ্ঞ এই স্ট্রাইকার যেকোনো সময় গোলের ধারায় ফিরতে পারেন।

শুধু গোল নয়, অ্যাসিস্টও গুরুত্বপূর্ণ

তবে শুধু গোল করলেই গোল্ডেন বুট নিশ্চিত হয় না। একাধিক ফুটবলারের গোল সমান হলে আগে দেখা হয় অ্যাসিস্ট। সেটিও সমান থাকলে কম মিনিট খেলেছেন যিনি, তিনিই এগিয়ে থাকেন। অর্থাৎ প্রতিটি গোলের পাশাপাশি প্রতিটি অ্যাসিস্টও এখন সমান গুরুত্বপূর্ণ।

বিশ্বকাপের ইতিহাস বলছে, গ্রুপ পর্বের শীর্ষ গোলদাতা সবসময় শেষ পর্যন্ত গোল্ডেন বুট জেতেন না। কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল এবং ফাইনাল – এই তিন ম্যাচই অনেক সময় পুরো অঙ্ক বদলে যায়। তাই শেষ আটের লড়াই শুরু হওয়ার আগে মেসি এগিয়ে থাকলেও, এমবাপ্পে কিংবা অন্য কেনো নতুন নায়ক শেষ হাসি হাসবেন কি না, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন।

বিজ্ঞাপন

Recommended For You