এখন থেকে নিম্ন আদালতের বিচারকদের নিয়ন্ত্রণে থাকবে সুপ্রিম কোর্ট

বাংলা রিডার ডেস্ক
দেশের সকল নিম্ন আদালতের বিচারকদের নিয়ন্ত্রণ, শৃঙ্খলা, বদলি ও পদোন্নতির দায়িত্ব এখন থেকে সুপ্রিম কোর্টের হাতে থাকবে—এমন রায় দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে সংবিধানের পঞ্চদশ ও চতুর্থ সংশোধনীর সংশ্লিষ্ট বিধান বাতিল করা হয়েছে, যেগুলো এই নিয়ন্ত্রণের ক্ষমতা নির্বাহী বিভাগকে দিয়েছিল।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই ঐতিহাসিক রায় ঘোষণা করেন।

আদালত আরও নির্দেশ দিয়েছেন, তিন মাসের মধ্যে বিচার বিভাগীয় পৃথক সচিবালয় গঠন করতে হবে, যা বিচার বিভাগের প্রশাসনিক স্বাধীনতা নিশ্চিত করবে।

এই মামলায় সংবিধানের ১১৬ অনুচ্ছেদ—যেখানে বিচারকদের নিয়ন্ত্রণের ক্ষমতা রাষ্ট্রপতির হাতে দেওয়া হয়েছিল—তার বৈধতা চ্যালেঞ্জ করে রুল জারি হয়। সেই রুলের চূড়ান্ত শুনানি গত ১৩ আগস্ট শেষ হয়, এবং আজ রায় ঘোষণার দিন ধার্য ছিল।

রিটকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। এছাড়া ইন্টারভেনর হিসেবে অংশ নেন অ্যাডভোকেট আহসানুল করিম। এর আগে, ২৩ এপ্রিল থেকে এই রুলের চূড়ান্ত শুনানি শুরু হয়।

এই রায়ের ফলে বিচার বিভাগের স্বাধীনতা আরও সুসংহত হলো বলে মনে করছেন সংবিধান বিশেষজ্ঞরা।

বিজ্ঞাপন

Recommended For You