বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

বাংলা রিডার ডেস্ক
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, ১ সেপ্টেম্বর। ১৯৭৮ সালের এই দিনে তৎকালীন রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান ঢাকার রমনা রেস্তোরাঁয় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে দলটির আনুষ্ঠানিক যাত্রা ঘোষণা করেন।

দিবসটি উপলক্ষে বিএনপি দেশজুড়ে আলোচনা সভা, শোভাযাত্রা, ক্রোড়পত্র প্রকাশসহ সপ্তাহব্যাপী নানা কর্মসূচি ঘোষণা করেছে। দলের নেতাকর্মীদের মধ্যে প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দেখা গেছে ব্যাপক উদ্দীপনা।

দীর্ঘ প্রায় দেড় দশক প্রতিকূল পরিস্থিতিতে রাজনীতি করার পর এবার অনুকূল রাজনৈতিক পরিবেশে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে বিএনপি। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার ঐতিহাসিক গণ-অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পতনের পর দলটি নতুন প্রাণ ফিরে পায়।

দলের নেতারা বলছেন, দীর্ঘ সাড়ে চার দশকের রাজনৈতিক ইতিহাসে বিএনপি কখনো রাষ্ট্রক্ষমতায়, কখনো রাজপথে আন্দোলনে থেকেছে। দেড় যুগ ধরে ফ্যাসিবাদবিরোধী লড়াই চালিয়ে আসার পর এবার একটি নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা ঘটেছে।

আওয়ামী লীগের রাজনীতি থেকে ছিটকে পড়ার পর বিএনপির সামনে আবারও রাষ্ট্র পরিচালনার দ্বার উন্মুক্ত হয়েছে। চারবার রাষ্ট্রক্ষমতায় থাকা দলটি এমন এক সময়ে ৪৭ বছরে পা রাখছে, যখন দেড় যুগের অবরুদ্ধ পরিস্থিতি কাটিয়ে সামনে এগিয়ে যাওয়ার নতুন সম্ভাবনা তৈরি হয়েছে।

তবে একইসঙ্গে সামনে রয়েছে নানা চ্যালেঞ্জও। বিশেষ করে— ফ্যাসিবাদবিরোধী বৃহত্তর ঐক্য টিকিয়ে রাখা, অন্তর্বর্তী সরকারের অধীনে নিরপেক্ষ সংসদ নির্বাচন আদায়ের দাবি, জামায়াতে ইসলামীসহ পুরনো রাজনৈতিক মিত্রদের সঙ্গে টানাপোড়েন, তরুণ ভোটারদের আস্থা পুনঃপ্রতিষ্ঠা, ‘জুলাই সনদ’ বাস্তবায়নের রূপরেখা স্পষ্ট করা।

১৯৭৫ সালের ১৫ই আগস্ট পরবর্তী নানা ঘটনা প্রবাহের মধ্যদিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসেন তৎকালীন সেনাবাহিনী প্রধান মেজর জেনারেল জিয়াউর রহমান। এরপর ১৯৭৮ সালের ১লা সেপ্টেম্বর ঢাকার রমনা রেস্তরাঁয় এক সংবাদ সম্মেলনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠার আনুষ্ঠানিক ঘোষণা দেন। ১৯৮১ সালের ৩০শে মে বিপথগামী সেনা সদস্যদের হাতে শহীদ হওয়ার আগ পর্যন্ত জিয়াউর রহমান রাষ্ট্র ক্ষমতায় ছিলেন। তবে প্রতিষ্ঠার পর নানা ঘাত-প্রতিঘাত সইতে হয়েছে বিএনপিকে। নানা ঘটনার মধ্যদিয়ে ১৯৮৩ সালের ২১শে ফেব্রুয়ারি বিএনপি’র হাল ধরেন তারই সহধর্মিণী খালেদা জিয়া।

এরপর বেগম খালেদা জিয়ার দৃঢ়চেতা, আপসহীন ও সুদূরপ্রসারী নেতৃত্বে বিএনপি এগিয়েছে দুর্দান্ত গতিতে। দোর্দণ্ড প্রতাপশালী স্বৈরশাসক মরহুম এরশাদের বিরুদ্ধে লড়াই করে এক দশকের মাথায় ১৯৯১ সালে বিপুল সমর্থন নিয়ে দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছিল বিএনপি। এরপর ১৯৯৬ ও ২০০১ সালে রাষ্ট্র ক্ষমতায় আসে বিএনপি। এখন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আরও সুসংগঠিত।

বিজ্ঞাপন

Recommended For You