ড্রেজারে অবৈধ বালু উত্তোলনে চাঁদপুরে ঝুঁকিতে নদী রক্ষা বাঁধ

বাংলা রিডার ডেস্ক
চাঁদপুর-এর হাইমচর এলাকায় মেঘনা নদী তীরবর্তী অঞ্চলে ড্রেজার ব্যবহার করে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে হুমকির মুখে পড়েছে কোটি টাকা ব্যয়ে নির্মিত নদী রক্ষা বাঁধ।

উপজেলার চরভৈরবী ইউনিয়নের ১ নম্বর গাজীনগর এলাকায় বাঁধসংলগ্ন কয়েক একর বালুচর কেটে নেওয়ায় সেখানে সৃষ্টি হয়েছে গভীর পানির অঞ্চল। এতে করে বাঁধের স্থায়িত্ব নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

ঘটনাটি ঘিরে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।

স্থানীয়রা জানায়, গাজীনগর এলাকায় মেঘনার তীরে জেগে ওঠা বিশাল বালিচরে আশেপাশে কোনো খালি জায়গা না থাকায় স্থানীয় শিশু-কিশোররা নিয়মিত খেলাধুলা করত। গত সোমবার বিকেলেও সেখানে ফুটবল খেলার আসর বসেছিল। কিন্তু মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে এসে তারা দেখেন রাতের আঁধারে প্রভাবশালী মহল ড্রেজার দিয়ে বালু কেটে নেয়ায় মাঠের অস্তিত্ব বিলীন হয়ে গেছে। সেখানে এখন শুধু থইথই পানি।

স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে জানান, সোমবার বিকেলে এখানে ছেলেরা ফুটবল খেলেছে আর সকালে এসে দেখি মাঠটাই নেই। ড্রেজার দিয়ে সব বালু নিয়ে গেছে। এই বালু কাটার ফলে নদী রক্ষা বাঁধটি এখন চরম ঝুঁকিতে। বাঁধ ভেঙে গেলে আমাদের ঘরবাড়ি সব নদীগর্ভে বিলীন হয়ে যাবে।

হাইমচর থানা পুলিশ জানায়, এই ঘটনায় পানি উন্নয়ন বোর্ড সাতজনকে আসামি করে মঙ্গলবার (৭ এপ্রিল) একটি মামলা দায়ের করেছে।

বিজ্ঞাপন

Recommended For You