অ্যাডভোকেট সলিম উল্যাহ সেলিম চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক

বাংলা রিডার ডেস্ক
চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্যাহ সেলিম। মঙ্গলবার (৩১ মার্চ) স্থানীয় সরকার বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করে এ নিয়োগের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও কার্যকর করা এবং উন্নয়ন কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যেই এ নিয়োগ দেওয়া হয়েছে।

অ্যাডভোকেট সলিম উল্যাহ সেলিম চাঁদপুর জেলা আইনজীবী সমিতির একজন জ্যেষ্ঠ আইনজীবী। তিনি বর্তমানে জেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি জেলা ছাত্রদল ও যুবদলের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। এছাড়া চাঁদপুর শহর বিএনপির সাবেক সেক্রেটারি এবং পৌর বিএনপির সাবেক সভাপতির দায়িত্বও পালন করেছেন।

রাজনীতির পাশাপাশি সামাজিক ও সাংগঠনিক কার্যক্রমেও তিনি সক্রিয়। চাঁদপুর কেন্দ্রীয় শহীদ মিনার ও মুক্তি সৌধ নির্মাণ কমিটির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া মুক্তিযুদ্ধের বিজয় মেলা উদযাপন কমিটিতেও দীর্ঘদিন যুক্ত ছিলেন। ১৯৭৭ সালে ‘বলাকা’ নামে চাঁদপুরের প্রথম পত্রিকা প্রকাশ করেন তিনি।

স্থানীয় পর্যায়ে তিনি একজন দক্ষ সংগঠক ও সক্রিয় রাজনৈতিক নেতা হিসেবে পরিচিত। বিভিন্ন আন্দোলন-সংগ্রামে তিনি সামনের সারিতে ভূমিকা রেখেছেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর জেলার পাঁচটি আসনে বিএনপি প্রার্থীদের নির্বাচন পরিচালনায় সমন্বয়কের দায়িত্ব পালন করেন সেলিম। এছাড়া চাঁদপুর-৩ আসনে দলীয় প্রার্থীর প্রধান নির্বাচনী এজেন্ট হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

দলীয় সূত্রগুলোর মতে, দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, সংগঠনের প্রতি আনুগত্য এবং স্থানীয়ভাবে গ্রহণযোগ্যতার কারণেই তাকে জেলা পরিষদের প্রশাসক পদে নিয়োগ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

Recommended For You