
বাংলা রিডার ডেস্ক
গুঞ্জন ছিল অনেক দিন ধরেই, এবার সেটিই সত্যি হলো। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও ওপেনার তামিম ইকবাল নিশ্চিত করেছেন, তিনি অংশ নিচ্ছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনে।
এক গণমাধ্যমকে তামিম বলেন, “এবার নির্বাচন করছি। আমি ক্রিকেটে বিনিয়োগ করেছি, দুটি ক্লাবের সঙ্গে যুক্ত আছি। কাউন্সিলর তো হবই।”
বিসিবি সভাপতির পদে সরাসরি নির্বাচন করার সুযোগ না থাকায়, প্রথমে পরিচালক পদে লড়াই করবেন তামিম। সেখান থেকেই ভবিষ্যতে বড় দায়িত্বের পথে এগিয়ে যেতে চান তিনি।
বর্তমানে বোর্ড সভাপতির দায়িত্বে আছেন সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। এর আগে ফারুক আহমেদ স্বল্প সময়ের জন্য সভাপতি থাকলেও, দুর্নীতির অভিযোগে তাকে সরিয়ে দেওয়া হয়। রাজনৈতিক পরিবর্তনের পর পদত্যাগ করেন সাবেক সভাপতি নাজমুল হাসান পাপন।
সব ঠিক থাকলে অক্টোবরে হবে বিসিবি নির্বাচন। তামিমের অংশগ্রহণ নিশ্চিত হওয়ায় এবারের নির্বাচন ঘিরে ক্রিকেটাঙ্গনে তৈরি হয়েছে বাড়তি আগ্রহ। দেশের ক্রিকেটে দীর্ঘদিন অবদান রাখা এই তারকা এবার প্রশাসনিক ভূমিকায় কেমন করেন, সেটাই এখন দেখার বিষয়।



