
বাংলা রিডার ডেস্ক
নবনিযুক্ত ৪২টি জেলা পরিষদের প্রশাসকদের সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার রাত সাড়ে ৮টায় রাজধানীর গুলশানে তার রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বলে প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে।
বৈঠকে অংশ নিতে ইতোমধ্যে দেশের বিভিন্ন জেলা থেকে প্রশাসকরা ঢাকায় পৌঁছেছেন। নির্ধারিত সময়ে তারা প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনায় অংশ নেবেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক জেলা পরিষদ সদস্য জানান, দায়িত্ব গ্রহণের পর এই প্রথম তাদের ডাকা হয়েছে। তবে বৈঠকের নির্দিষ্ট এজেন্ডা সম্পর্কে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সূত্র বলছে, বৈঠকে জেলা পরিষদের উন্নয়ন কার্যক্রম নিয়ে দিকনির্দেশনা দেওয়া হবে। পাশাপাশি প্রশাসকদের কাছ থেকে তাদের নিজ নিজ জেলার উন্নয়ন পরিকল্পনাও শুনবেন প্রধানমন্ত্রী।
উল্লেখ্য, গত ১৫ মার্চ দেশের ৪২টি জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দেয় সরকার।



