
বাংলা রিডার ডেস্ক
বিদ্যুৎ গ্রাহকদের দীর্ঘদিনের অভিযোগের প্রেক্ষিতে প্রিপেইড মিটারের মাসিক ভাড়া বা মিটার চার্জ বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
রোববার (২৯ মার্চ) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, সিদ্ধান্তটি দ্রুতই কার্যকর করা হবে। মন্ত্রী বলেন, প্রিপেইড মিটারের মাসিক চার্জ নিয়ে গ্রাহকদের মধ্যে দীর্ঘদিন ধরে অসন্তোষ ছিল। বিষয়টি পর্যালোচনা করে গ্রাহকবান্ধব বিদ্যুৎ সেবা নিশ্চিত করতে এই চার্জ সম্পূর্ণভাবে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বর্তমানে প্রিপেইড মিটার ব্যবহারকারী গ্রাহকদের প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ অর্থ মিটার ভাড়া হিসেবে পরিশোধ করতে হয়। তবে গ্রাহকদের অভিযোগ ছিল, মিটারের মূল্য পরিশোধের পরও বছরের পর বছর এই চার্জ আদায় করা হচ্ছে।
এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন নাগরিক সংগঠন দীর্ঘদিন ধরে প্রতিবাদ ও দাবি জানিয়ে আসছিল। নতুন এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে গ্রাহকদের মাসিক বিদ্যুৎ ব্যয় কিছুটা কমবে বলে মনে করা হচ্ছে।



