
বাংলা রিডার ডেস্ক
চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক পদ নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা চলছে। সম্প্রতি দেশের ৪২টি জেলা পরিষদে প্রশাসক নিয়োগের খবর প্রকাশের পর থেকেই এ পদে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে জল্পনা-কল্পনা বেড়েছে।
রাজনৈতিক সূত্রগুলো বলছে, জেলা বিএনপির একাধিক সিনিয়র নেতার নাম সম্ভাব্য প্রশাসক হিসেবে আলোচনায় রয়েছে। তাদের মধ্যে কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য লায়ন হারুনুর রশিদ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্লাহ সেলিম, কেন্দ্রীয় নেতা মোস্তফা খান সফরী, ক্রীড়া সংগঠক মাহবুবুর রহমান শাহীন, জেলা বিএনপির সহ-সভাপতি এম এ শুক্কুর পাটোয়ারী, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জহির উদ্দিন বাবর এবং স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মোবারক হোসেন চৌধুরীর নাম শোনা যাচ্ছে।
তবে এখনো পর্যন্ত সরকারিভাবে কোনো নাম ঘোষণা করা হয়নি। ফলে শেষ পর্যন্ত কে এ পদে দায়িত্ব পাবেন, তা নির্ভর করছে দলীয় হাইকমান্ডের সিদ্ধান্তের ওপর।
রাজনৈতিক পটভূমিতে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ১৯ আগস্ট সারাদেশে জেলা পরিষদের চেয়ারম্যানদের অপসারণ করা হয়। এরপর জেলা প্রশাসকরা (ডিসি) এসব পরিষদের দায়িত্ব পালন করে আসছেন। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের ধারাবাহিকতায় জেলা পরিষদেও প্রশাসক নিয়োগের বিষয়টি সামনে আসে।
সম্ভাব্য প্রার্থীদের মধ্যে কেউ দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা, কেউ সাংগঠনিক দক্ষতা, আবার কেউ সামাজিক ও পেশাগত অবদানের কারণে আলোচনায় রয়েছেন। বিশেষ করে সাবেক ছাত্রনেতা ও কেন্দ্রীয় নেতা মোস্তফা খান সফরীর নাম সাম্প্রতিক সময়ে নতুন করে গুরুত্ব পেয়েছে বলে রাজনৈতিক পর্যবেক্ষকদের মত।
এছাড়া তৃণমূল পর্যায়ে সক্রিয়তা, গ্রহণযোগ্যতা ও দলীয় আনুগত্যের বিষয়গুলোও প্রার্থিতা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করা হচ্ছে।
স্থানীয় নেতাকর্মীরা বলছেন, প্রশাসক হিসেবে একজন দক্ষ, অভিজ্ঞ ও গ্রহণযোগ্য ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হলে জেলার উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে।
সব মিলিয়ে চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক পদ ঘিরে রাজনৈতিক মহলে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। তবে শেষ পর্যন্ত কার হাতে দায়িত্ব যাচ্ছে, তা জানতে অপেক্ষা করতে হবে আনুষ্ঠানিক ঘোষণার জন্য।



