রানা প্লাজা থেকে বেঁচে ফেরা নাসিমার মৃত্যু পদ্মায় বাসডুবিতে

বাংলা রিডার ডেস্ক
জীবনের নির্মম পরিহাস ১২ বছর আগে রানা প্লাজা ট্র্যাজেডি থেকে অলৌকিকভাবে বেঁচে ফেরা নাসিমা বেগম এবার প্রাণ হারালেন পদ্মা নদীতে বাসডুবির ঘটনায়।

গত ২৫ মার্চ রাজবাড়ীর দৌলতদিয়া-পাটুরিয়া ফেরিঘাট এলাকায় বাস দুর্ঘটনায় নদীতে পড়ে গিয়ে নিহত হন ৪০ বছর বয়সী নাসিমা। একসময় টানা ৭২ ঘণ্টা ধ্বংসস্তূপের নিচে আটকে থেকেও যিনি জীবিত উদ্ধার হয়েছিলেন, এবার সেই নাসিমাকেই প্রায় ছয় ঘণ্টা পর পদ্মা থেকে উদ্ধার করা হয় নিথর অবস্থায়।

নাসিমা বেগম দিনাজপুরের পার্বতীপুর উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের মধ্য আটরাই গ্রামের বাসিন্দা ছিলেন। জীবিকার সন্ধানে গত ফেব্রুয়ারিতে ঢাকায় গেলেও কাজ না পেয়ে ঈদ উপলক্ষে স্বজনদের সঙ্গে ফরিদপুরে যান। ঈদ শেষে ঢাকায় ফেরার পথে ভাগনি, তার স্বামী ও শিশুসন্তানসহ বাসে রওনা দেন তিনি।

পথে ফেরিঘাট এলাকায় বাসটি নদীতে পড়ে গেলে সবাই পানিতে ডুবে যান। পরে নাসিমাসহ তিনজনের মরদেহ উদ্ধার করা হয়, যদিও একজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়।

মর্মান্তিক এই ঘটনায় নিহত নাসিমার পরিবারে নেমে এসেছে গভীর শোক। স্বজনদের লাশ বাড়িতে নেওয়ার সময় কুষ্টিয়া এলাকায় অ্যাম্বুলেন্সও দুর্ঘটনায় পড়ে, যদিও এতে বড় কোনো ক্ষতি হয়নি। পরদিন জুমার নামাজের পর পারিবারিক কবরস্থানে তাদের দাফন সম্পন্ন হয়।

পারিবারিক সূত্র জানায়, রানা প্লাজা ট্র্যাজেডির সময় একটি পোশাক কারখানায় কর্মরত ছিলেন নাসিমা। ভয়াবহ সেই দুর্ঘটনা থেকে বেঁচে ফেরার পর দীর্ঘদিন গ্রামেই ছিলেন। তবে স্বামীর মৃত্যুর পর জীবিকার তাগিদে আবার ঢাকায় পাড়ি জমান—যা শেষ পর্যন্ত তার জীবনের শেষ যাত্রায় পরিণত হয়।

স্থানীয় প্রশাসন নিহতের পরিবারকে সহায়তা দিয়েছে এবং শোকাহত স্বজনদের প্রতি সমবেদনা জানিয়েছে।

বিজ্ঞাপন

Recommended For You