চাঁদপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে সুবর্ণ জয়ন্তী উদযাপন

বাংলা রিডার ডেস্ক

চাঁদপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ৫০ বছর পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনে সুবর্ণ জয়ন্তী উদযাপন করা হয়েছে। দি প্রিমিয়াম হোমস লিমিটেডের পৃষ্ঠপোষকতায় শুক্রবার (২৭ মার্চ) সকাল ১০টা থেকে কলেজ প্রাঙ্গণে দিনব্যাপী এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সকাল থেকেই উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থী ও অতিথিদের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে পুরো ক্যাম্পাস। আয়োজনের শুরুতে এক আনন্দ শোভাযাত্রা কলেজ প্রাঙ্গণ থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় ক্যাম্পাসে এসে শেষ হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির প্রতিনিধিত্ব করেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিকের প্রতিনিধি অ্যাডভোকেট সলিম উল্লাহ সেলিম। তিনি তার বক্তব্যে প্রতিষ্ঠানের সঙ্গে নিজের গভীর সম্পৃক্ততার কথা তুলে ধরে বলেন, কারিগরি শিক্ষা দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং বেকারত্ব নিরসনে কার্যকর ভূমিকা রাখতে পারে।

তিনি শিক্ষার্থীদের বাংলা ভাষার পাশাপাশি বিদেশি ভাষা শেখার ওপর গুরুত্বারোপ করেন, যাতে তারা আন্তর্জাতিক পর্যায়ে কাজের সুযোগ তৈরি করে দেশের অর্থনীতিতে অবদান রাখতে পারে। বেকারত্বের কারণে যুবসমাজ বিপথে যাওয়ার ঝুঁকি রয়েছে উল্লেখ করে তিনি কারিগরি শিক্ষার প্রসারে জোর দেন।

বিশেষ অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা এস. এম. এন. জামিউল হিকমা শিক্ষার্থীদের আধুনিক ও প্রযুক্তিনির্ভর শিক্ষা গ্রহণের আহ্বান জানান।

এছাড়া অনুষ্ঠানে বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ মো. হারুনুর রশিদ, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, ক্লিন চাঁদপুরের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অ্যাডভোকেট নূরুল আমিন খান আকাশ, দি প্রিমিয়াম হোমস লিমিটেডের সিইও মো. মাইনুল হাসান দুলন, দৈনিক চাঁদপুর কণ্ঠের বার্তা সম্পাদক এএইচএম আহসান উল্লাহ এবং কলেজের সাবেক অধ্যক্ষ মাহবুবুর রহমান ও একেএম আজাদ।

অনুষ্ঠানের এক পর্যায়ে প্রাক্তন শিক্ষার্থীরা অতিথিদের ফুল দিয়ে বরণ করেন। বেলুন ও পায়রা উড়িয়ে আনুষ্ঠানিকভাবে সুবর্ণ জয়ন্তীর উদ্বোধন করা হয়।

দিনব্যাপী কর্মসূচিতে ছিল আলোচনা সভা, প্রামাণ্যচিত্র প্রদর্শনী, ব্যাচভিত্তিক স্মৃতিচারণ, প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা এবং আড্ডা। পবিত্র কুরআন তেলাওয়াত করেন সহকারী শিক্ষক মাহবুব। স্বাগত বক্তব্য দেন সাবেক শিক্ষার্থী শাহজাহান সাজু এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংবাদিক এম. আর. ইসলাম বাবু।

বিকেলে শুরু হওয়া সাংস্কৃতিক অনুষ্ঠানে নতুন মাত্রা যোগ হয় পুরো আয়োজনে। দেশবরেণ্য ব্যান্ডদল ‘শিরোনামহীন’-এর পরিবেশনায় দর্শক-শ্রোতারা মুগ্ধ হন।

স্মৃতি, ভালোবাসা ও গৌরবের আবহে দিনব্যাপী এ আয়োজন এক প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হয়, যেখানে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা ফিরে পান তাদের প্রিয় ক্যাম্পাসের সোনালি দিনের স্মৃতি।

বিজ্ঞাপন

Recommended For You