
বাংলা রিডার ডেস্ক
যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প-এর আমন্ত্রণে ওয়াশিংটন ডিসিতে আয়োজিত ‘Fostering the Future Together: Global Coalition Summit’-এ অংশ নিয়ে বক্তব্য দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। ২৪ ও ২৫ মার্চ অনুষ্ঠিত এই সম্মেলনে বিশ্বের ৪০টিরও বেশি দেশের ফার্স্ট লেডি ও রাষ্ট্রনেতাদের সহধর্মিণীরা অংশ নেন।
মঙ্গলবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরে সম্মেলনের উদ্বোধন করেন মেলানিয়া ট্রাম্প। উদ্বোধনী অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে ডা. জুবাইদা রহমান শিশুদের সুরক্ষা, শিক্ষা ও স্বাস্থ্যসেবার উন্নয়নে বাংলাদেশের বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন। তিনি ‘ফ্যামিলি কার্ড’ ও ‘ফার্মার্স কার্ড’-এর মতো কর্মসূচির মাধ্যমে পরিবার ও শিশুদের সহায়তার বিষয়টি গুরুত্বসহকারে উল্লেখ করেন।
তিনি বলেন, প্রতিটি দেশের ভবিষ্যৎ নির্ভর করে শিশুদের যত্ন, শিক্ষা ও মূল্যবোধের ওপর। একটি নিরাপদ ও সহায়ক পরিবেশ নিশ্চিত করতে বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান জানান তিনি।
স্বাস্থ্যসেবা প্রসঙ্গে তিনি প্রতিটি শিশুর জন্য সহজলভ্য ও মানসম্মত চিকিৎসা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি শিক্ষা খাতে প্রযুক্তির ব্যবহার, বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা ও এডটেকের মাধ্যমে শহর-গ্রামের বৈষম্য কমানোর দিকেও আলোকপাত করেন।
ডা. জুবাইদা রহমান বলেন, বর্তমান সরকার শিক্ষকদের ডিজিটাল সরঞ্জাম প্রদান, পাঠ্যক্রম আধুনিকীকরণ এবং মাল্টিমিডিয়া নির্ভর শিক্ষাব্যবস্থা চালুর মাধ্যমে শিক্ষা খাতে পরিবর্তন আনছে।
নারীর ক্ষমতায়ন প্রসঙ্গে তিনি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া-এর অবদানের কথা তুলে ধরেন এবং বলেন, নারীদের শিক্ষায় অগ্রগতি ভবিষ্যৎ প্রজন্মকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
সম্মেলনের পাশাপাশি প্রযুক্তি প্রতিষ্ঠানের অংশগ্রহণে একটি প্রদর্শনীও অনুষ্ঠিত হয়, যেখানে শিশুদের শিক্ষার উন্নয়নে নতুন উদ্ভাবনী প্রযুক্তি উপস্থাপন করা হয়। ডা. জুবাইদা রহমান ও তার প্রতিনিধিদল প্রদর্শনীটি পরিদর্শন করেন।
বুধবার হোয়াইট হাউসে আয়োজিত সমাপনী অধিবেশনেও তার অংশগ্রহণের কথা রয়েছে।



