দুবাই বিমানবন্দর লক্ষ্য করে ইরানের ড্রোন হামলা, বাংলাদেশিসহ আহত ৪

বাংলা রিডার ডেস্ক:
সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরসংলগ্ন এলাকায় ড্রোন হামলা চালিয়েছে ইরান। বুধবারের এ হামলায় বাংলাদেশি এক প্রবাসীসহ অন্তত চারজন আহত হয়েছেন।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের কাছাকাছি এলাকায় দুটি ড্রোন আঘাত হানে। এতে চারজন আহত হন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে দুবাই মিডিয়া অফিস জানিয়েছে, বিমানবন্দরের নিকটবর্তী এলাকায় দুটি ড্রোন আঘাত হানার বিষয়টি কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। তবে এ ঘটনায় বিমানবন্দরের কার্যক্রমে বড় ধরনের কোনো বিঘ্ন ঘটেনি এবং ফ্লাইট চলাচল স্বাভাবিক রয়েছে।

বিবৃতিতে বলা হয়, হামলায় বাংলাদেশি এক প্রবাসী ও ঘানার দুই নাগরিক সামান্য আহত হয়েছেন। এছাড়া ভারতীয় এক নাগরিক মাঝারি ধরনের আঘাত পেয়েছেন।

ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান উত্তেজনার প্রভাব ইতোমধ্যে বৈশ্বিক বিমান চলাচলেও পড়েছে। সংঘাতের জেরে বহু আন্তর্জাতিক ফ্লাইট বাতিল, সময়সূচি পরিবর্তন এবং রুট পরিবর্তনের ঘটনা ঘটছে। ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার আশঙ্কায় কাতারসহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশের আকাশপথ আংশিকভাবে বন্ধ রয়েছে।

চলমান উত্তেজনার কারণে জ্বালানি সরবরাহেও চাপ তৈরি হয়েছে। ফলে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুরুর পর থেকে সংযুক্ত আরব আমিরাতের এমিরেটস ও ইতিহাদসহ বিভিন্ন এয়ারলাইন্সের ফ্লাইট পরিচালনায় বিঘ্ন ঘটেছে। পরে কিছু ফ্লাইট পুনরায় চালু করা হলেও এখনো পুরো সক্ষমতায় পরিচালনা করা সম্ভব হচ্ছে না।

আন্তর্জাতিক যাত্রী চলাচলের দিক থেকে বিশ্বের অন্যতম ব্যস্ততম দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে এই হামলার ঘটনায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। গত বছর প্রায় ১০ কোটি যাত্রী এই বিমানবন্দর ব্যবহার করেছিলেন।

মধ্যপ্রাচ্যে মার্কিন ও ইসরায়েল-সংশ্লিষ্ট ব্যাংকে হামলার হুমকি

এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট অর্থনৈতিক ও ব্যাংকিং প্রতিষ্ঠানে হামলার হুমকি দিয়েছে ইরান। বুধবার ইরানের একটি ব্যাংকে হামলার পর দেশটির সামরিক বাহিনী এমন হুঁশিয়ারি দিয়েছে।

ইরানের খাতাম আল-আনবিয়া যৌথ কমান্ডের মুখপাত্র ইব্রাহিম জুলফিকারি বলেন, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল-সংশ্লিষ্ট অর্থনৈতিক ও ব্যাংকিং স্বার্থকে লক্ষ্য করে হামলা চালাতে পারে ইরান।

তিনি অভিযোগ করেন, ব্যর্থ অভিযানের পর মার্কিন বাহিনী ও ইসরায়েল ইরানের একটি ব্যাংককে লক্ষ্যবস্তু করেছে। এর প্রতিক্রিয়ায় অঞ্চলজুড়ে তাদের সংশ্লিষ্ট অর্থনৈতিক কেন্দ্র ও ব্যাংকে হামলা চালাতে বাধ্য হতে পারে ইরান।

ইব্রাহিম জুলফিকারি মধ্যপ্রাচ্যে অবস্থানরত ব্যক্তিদের যুক্তরাষ্ট্র ও ইসরায়েল-সংশ্লিষ্ট ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন।

সূত্র: রয়টার্স, এএফপি।

বিজ্ঞাপন

Recommended For You