চাঁদপুরে ৫ হাজার কেজি জাটকা জব্দ, আটক ১০ জেলে

বাংলা রিডার ডেস্ক:
চাঁদপুরে কোস্টগার্ডের বিশেষ অভিযানে প্রায় ৫ হাজার ১০০ কেজি জাটকা জব্দ করা হয়েছে। এ ঘটনায় জাটকা আহরণের অভিযোগে ১০ জন জেলেকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের অর্থদণ্ড ও কারাদণ্ড দেওয়া হয়।

কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১০ মার্চ) দিবাগত রাত প্রায় ১টার দিকে চাঁদপুর কোস্ট গার্ড স্টেশনের একটি দল চরভৈরবী সংলগ্ন এলাকায় অভিযান চালায়। এ সময় একটি সন্দেহজনক কাঠের বোটে তল্লাশি করে প্রায় ৫ হাজার ১০০ কেজি জাটকা জব্দ করা হয়। জব্দ করা জাটকার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৫ লাখ ৭০ হাজার টাকা।

অভিযানের সময় বোটে থাকা ১০ জন জেলেকে আটক করা হয়। পরে জেলা প্রশাসনের এক নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রত্যেককে ২ হাজার টাকা করে অর্থদণ্ড এবং ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। এরপর তাদের আইনগত প্রক্রিয়ার জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক জানান, অভিযানে জব্দ করা জাটকা স্থানীয় এতিমখানা ও অসহায় দরিদ্র মানুষের মধ্যে সবার উপস্থিতিতে বিতরণ করা হয়েছে।

দেশের মৎস্যসম্পদ রক্ষা এবং ইলিশের উৎপাদন বাড়াতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

বিজ্ঞাপন

Recommended For You