ইরানি গণমাধ্যমে নেতানিয়াহুর নিহত হওয়ার দাবি

বাংলা রিডার ডেস্ক:
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হয়েছেন—এমন দাবি প্রকাশ করেছে ইরানের আধা সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ। একই হামলায় ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গিভর আহত হয়েছেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

তবে এ দাবির পক্ষে নির্ভরযোগ্য কোনো প্রমাণ উপস্থাপন করা হয়নি। প্রতিবেদনে মূলত মার্কিন গোয়েন্দা কর্মকর্তা স্কট রিটার–এর একটি এক্স পোস্টের উদ্ধৃতি দেওয়া হয়েছে। গত সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম X (Twitter)–এ দেওয়া ওই পোস্টে বলা হয়, ইরানি ক্ষেপণাস্ত্র নেতানিয়াহুর সরকারি বাসভবনে আঘাত হানার পর ঘটনাস্থলেই তিনি নিহত হন। ওই সময় সেখানে উপস্থিত বেন-গিভর আহত হয়েছেন বলেও দাবি করা হয়।

তবে যে অ্যাকাউন্ট থেকে এই পোস্ট করা হয়েছে সেটি সত্যিই স্কট রিটার ব্যবহার করেন কি না, কিংবা সেটি ভুয়া কি না—তা এখনও নিশ্চিত নয়।

ফার্সি ভাষার প্রতিবেদনে নেতানিয়াহুর ওপর হামলা বা ক্ষয়ক্ষতির কোনো সুস্পষ্ট প্রমাণ দেওয়া হয়নি। বরং কয়েকটি পরিস্থিতিগত তথ্য তুলে ধরা হয়েছে। এর মধ্যে রয়েছে নেতানিয়াহুর সাম্প্রতিক ভিডিও ক্লিপের অনুপস্থিতি, তার বাসভবনের আশপাশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ইসরায়েলি গণমাধ্যমের প্রতিবেদন, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প–এর জামাতা জ্যারেড কুশনার এবং ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ–এর কথিত সফর স্থগিত হওয়া, এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ–এর সঙ্গে নেতানিয়াহুর একটি ফোনালাপের অনির্দিষ্ট তারিখের রেকর্ড।

উল্লেখ্য, তাসনিম নিউজ ইরানের একটি প্রভাবশালী সংবাদমাধ্যম, যা দেশটির অভিজাত প্রতিরক্ষা বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর সঙ্গে সংশ্লিষ্ট বলে পরিচিত।

এদিকে এ বিষয়ে এখনও আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তর। দপ্তরের তথ্য অনুযায়ী, সর্বশেষ গত ৭ মার্চ নেতানিয়াহুর নামে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছিল। সেদিন তিনি ইসরায়েলের বিরশেবা এলাকায় ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় আহত ব্যক্তিদের দেখতে গিয়েছিলেন।

ইরানি গণমাধ্যমে নেতানিয়াহুর নিহত হওয়ার খবর এবারই প্রথম নয়। এর আগে ২ মার্চও কয়েকটি ইরানি সংবাদমাধ্যম দাবি করেছিল, ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তর ধ্বংস হয়ে গেছে এবং তিনি নিহত হয়েছেন। তবে পরে সিনহুয়া–সহ একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, ওই তথ্যটি ছিল গুজব।

সূত্র: দ্য জেরুজালেম পোস্ট

বিজ্ঞাপন

Recommended For You