‘আমি’ নয়, ‘আমরা’—এই চেতনায় কাজের আহ্বান চাঁদপুরের এমপির

বাংলা রিডার ডেস্ক

চাঁদপুরের বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক

সভায় তিনি বলেন, জেলার উন্নয়নে দপ্তর প্রধানরাই মূল চালিকাশক্তি। এককভাবে নয়, ‘আমি’ নয় ‘আমরা’—এই মনোভাব নিয়ে সম্মিলিতভাবে কাজ করতে হবে। প্রশাসন, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃত্বের সমন্বয়ে চাঁদপুরকে মডেল জেলায় রূপান্তরের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

মাদক ও কিশোর গ্যাং দমনে কঠোর অবস্থানের কথা জানিয়ে এমপি বলেন, একদিনে মাদক নির্মূল সম্ভব না হলেও নিয়ন্ত্রণে আনা যায়। প্রশাসন, পরিবার ও সমাজ একযোগে কাজ করলে ইতিবাচক পরিবর্তন আসবে।

শিক্ষা ও স্বাস্থ্য খাতে শৃঙ্খলা ফেরাতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়ে তিনি জানান, কর্মকর্তা-কর্মচারীদের সময়মতো উপস্থিতি নিশ্চিত করতে হবে। কলেজগুলোতে শিক্ষার্থীদের উপস্থিতির অসামঞ্জস্য নিয়ে উদ্বেগ প্রকাশ করে নিয়মিত অভিভাবক সমাবেশ ও ওরিয়েন্টেশন আয়োজনের আহ্বান জানান।

তিনি চাঁদপুরে দুটি ইপিজেড স্থাপনের পরিকল্পনার কথা তুলে ধরে বলেন, অন্তত একটি দ্রুত বাস্তবায়ন করা গেলে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি হবে। চাঁদপুর-হাইমচর সড়ক চার লেনে উন্নীতকরণ, খাল খনন ও নদীভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা গ্রহণ এবং ২৩০০ কোটি টাকার বিশুদ্ধ পানির প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনার কথাও উল্লেখ করেন।

পৌর পরিকল্পনা বাস্তবায়ন, খেলাধুলার পরিবেশ উন্নয়ন, যানজট নিরসনে ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়ন, বালু সংক্রান্ত সহিংসতা বন্ধ, পাসপোর্ট অফিসের অনিয়ম দূরীকরণ এবং হাসপাতাল দালালমুক্ত করার আশ্বাস দেন তিনি।

সভায় তিনি দুর্নীতি ও মাদকমুক্ত সমাজ গঠনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বলেন, জনগণের সেবাকে অগ্রাধিকার দিলে চাঁদপুরকে আধুনিক ও বাসযোগ্য জেলায় রূপান্তর করা সম্ভব।

জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পুলিশ সুপার, জেলা বিএনপি নেতৃবৃন্দ, বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও রাজনৈতিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

Recommended For You