
বাংলা রিডার ডেস্ক
মন্ত্রিসভায় আ ন ম এহসানুল হক মিলন-কে পুনরায় শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়ার ঘোষণায় চাঁদপুর-এর কচুয়া এলাকায় ব্যাপক আনন্দ-উচ্ছ্বাস দেখা গেছে। বিশেষ করে কচুয়া উপজেলার বিভিন্ন এলাকায় দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে তাঁর নাম ঘোষণার খবর এলাকায় পৌঁছানোর পরপরই ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন স্থানে আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ এবং শুভেচ্ছা বিনিময়ের আয়োজন করা হয়। দলীয় কার্যালয়, গুরুত্বপূর্ণ সড়ক ও বাজার এলাকাগুলোতে নেতাকর্মীরা জড়ো হয়ে স্লোগান দেন এবং ফুল দিয়ে অভিনন্দন জানান নবনিযুক্ত শিক্ষামন্ত্রীকে।
স্থানীয় নেতৃবৃন্দ জানান, এই ঘোষণার মধ্য দিয়ে কচুয়াবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হয়েছে। তাদের বিশ্বাস, শিক্ষাখাতে চলমান নানা চ্যালেঞ্জ মোকাবিলা এবং যুগোপযোগী, দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে শিক্ষামন্ত্রীর অভিজ্ঞতা ও নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে কচুয়া উপজেলার অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষাপ্রতিষ্ঠানের মানোন্নয়ন এবং নতুন শিক্ষা প্রকল্প বাস্তবায়নে ইতিবাচক অগ্রগতি হবে বলেও তারা আশা প্রকাশ করেন।
স্থানীয় বাসিন্দা মাসুদ রানা বলেন, নতুন শিক্ষামন্ত্রীর নেতৃত্বে পিছিয়ে পড়া শিক্ষা ব্যবস্থা এগিয়ে যাবে। তিনি আধুনিক ও প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে কার্যকর পদক্ষেপ নেবেন বলে প্রত্যাশা করেন।
উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার পাটওয়ারী বলেন, কচুয়ার সন্তান দেশের শিক্ষামন্ত্রী হওয়ায় এলাকাবাসী গর্বিত। তাঁর নেতৃত্বে শিক্ষাক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আসবে বলে তারা আশাবাদী। শিক্ষার মানোন্নয়ন, শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং মেধাবী শিক্ষার্থীদের জন্য সুযোগ সম্প্রসারণে তিনি কার্যকর ভূমিকা রাখবেন বলেও মন্তব্য করেন তিনি।
নেতাকর্মীরা শিক্ষামন্ত্রীর সুস্বাস্থ্য ও সফলতা কামনা করেছেন। কচুয়া উপজেলাজুড়ে বর্তমানে উৎসবের আমেজ বিরাজ করছে বলে জানা গেছে।



