ঢাবি উপাচার্য নিয়াজ আহমেদ খানের পদত্যাগ

বাংলা রিডার ডেস্ক

ঢাকা বিশ্ববিদ্যালয়–এর উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেছেন। রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে তিনি শিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন–এর সঙ্গে সাক্ষাৎ করে পদত্যাগপত্র জমা দেন।

শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

জনসংযোগ দপ্তর জানায়, উপাচার্যের পদ থেকে অব্যাহতি চেয়ে ড. নিয়াজ আহমেদ খান তার মূল পদ উন্নয়ন অধ্যয়ন বিভাগের গ্রেড-১ অধ্যাপক হিসেবে ফেরার জন্য মহামান্য রাষ্ট্রপতির কাছে আবেদনপত্র জমা দিয়েছেন।

সাক্ষাৎকালে শিক্ষামন্ত্রী বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও ভবিষ্যৎ চ্যালেঞ্জ, শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন এবং সম্ভাবনা নিয়ে তার মতামত জানতে চান। পাশাপাশি এসব ক্ষেত্রে সহযোগিতা কামনা করেন।

এ সময় উপাচার্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রম, চলমান ও ভবিষ্যৎ পরিকল্পনা, ক্যাম্পাসের নিরাপত্তা ও স্থিতিশীলতা বিষয়ে মন্ত্রীকে অবহিত করেন। দেশের সামগ্রিক শিক্ষাখাতের উন্নয়নে কাজ করে যাওয়ার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।

দেশের একটি ক্রান্তিকালে বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে অবদানের জন্য শিক্ষামন্ত্রী তাকে ধন্যবাদ জানান এবং ফুলেল শুভেচ্ছা প্রদান করেন।

উল্লেখ্য, ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের দুদিন আগে, গত ১০ ফেব্রুয়ারি এক বিশেষ সংবাদ সম্মেলনে নিজের পদত্যাগের ঘোষণা দিয়েছিলেন ড. নিয়াজ আহমেদ খান।

বিজ্ঞাপন

Recommended For You