এসএসসি পরীক্ষা ২০২৬: শিক্ষার্থীদের মানতে হবে ১৪টি নির্দেশনা

বাংলা রিডার ডেস্ক
২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। রুটিন অনুযায়ী আগামী ২১ এপ্রিল থেকে এসএসসি পরীক্ষা শুরু হয়ে শেষ হবে ২০ মে। প্রতিদিন সকাল ১০টায় পরীক্ষা শুরু হবে। বাংলা বিষয়ের মাধ্যমে এবারের পরীক্ষা শুরু হবে।

ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ৭ থেকে ১৪ জুন পর্যন্ত। ব্যবহারিক উত্তরপত্র, হাতে লেখা নম্বরফর্দ ও অন্যান্য কাগজপত্র ১৮ জুনের মধ্যে বিভাগ অনুযায়ী রোল নম্বরের ক্রমানুসারে মাধ্যমিক পরীক্ষা শাখায় জমা দিতে হবে।

পরীক্ষার্থীদের জন্য বোর্ডের ১৪ নির্দেশনা—

১. পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট আগে পরীক্ষাকক্ষে উপস্থিত থাকতে হবে।
২. প্রশ্নপত্রে নির্ধারিত সময় অনুযায়ী পরীক্ষা দিতে হবে।
৩. প্রথমে বহুনির্বাচনী, এরপর সৃজনশীল/রচনামূলক পরীক্ষা হবে—মাঝে কোনো বিরতি থাকবে না।
৪. পরীক্ষা শুরুর অন্তত সাত দিন আগে প্রতিষ্ঠানপ্রধানের কাছ থেকে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে।
৫. শারীরিক শিক্ষা, স্বাস্থ্যবিজ্ঞান ও খেলাধুলা এবং ক্যারিয়ার শিক্ষা বিষয়ের ধারাবাহিক মূল্যায়নের নম্বর প্রতিষ্ঠান থেকে কেন্দ্রের মাধ্যমে বোর্ডে পাঠাতে হবে।

৬. ওএমআর ফরমে রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর ও বিষয় কোড সঠিকভাবে লিখে বৃত্ত ভরাট করতে হবে। উত্তরপত্র ভাঁজ করা যাবে না।
৭. সৃজনশীল/রচনামূলক, বহুনির্বাচনী ও ব্যবহারিক অংশে আলাদাভাবে পাস করতে হবে।
৮. কেবল নিবন্ধিত বিষয়ের পরীক্ষায় অংশগ্রহণ করা যাবে; ভিন্ন বিষয়ে পরীক্ষা দেওয়া যাবে না।
৯. পরীক্ষার অন্তত সাত দিন আগে সব পরীক্ষার্থীর প্রবেশপত্র বিতরণ নিশ্চিত করতে হবে—এ বিষয়ে প্রতিষ্ঠানপ্রধান দায়ী থাকবেন।
১০. শিক্ষা বোর্ড অনুমোদিত ক্যালকুলেটর ব্যবহার করা যাবে।

১১. কেন্দ্রসচিব ছাড়া অন্য কেউ পরীক্ষাকেন্দ্রে মুঠোফোন আনতে বা ব্যবহার করতে পারবে না।
১২. তত্ত্বীয়, বহুনির্বাচনী ও ব্যবহারিক পরীক্ষায় একই উপস্থিতিপত্র ব্যবহার করতে হবে।
১৩. ব্যবহারিক পরীক্ষা নিজ নিজ কেন্দ্রে অনুষ্ঠিত হবে।
১৪. ফল প্রকাশের সাত দিনের মধ্যে অনলাইনে পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করতে হবে। আবেদনপদ্ধতি ও সময়সূচি শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তিতে জানানো হবে।

বিজ্ঞাপন

Recommended For You