জামায়াত ও ১১ দলীয় জোটের এমপিদের শপথ গ্রহণ

বাংলা রিডার ডেস্ক

বাংলাদেশ জামায়াতে ইসলামি-র নির্বাচিত সংসদ সদস্যরা জাতীয় সংসদ সদস্য ও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিয়েছেন। একইসঙ্গে ১১ দলীয় ঐক্য জোটের নবনির্বাচিত সংসদ সদস্যরাও শপথ গ্রহণ করেন। শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার কিছু আগে জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

প্রথমে তারা জাতীয় সংসদ সদস্য হিসেবে শপথ নেন। পরে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে পৃথকভাবে শপথ গ্রহণ করেন।

অনুষ্ঠানটি পরিচালনা করেন সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা।

এর আগে সকালে জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র নবনির্বাচিত সংসদ সদস্যরা যদি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নেন, তাহলে জামায়াতের সদস্যরাও কোনো শপথ নেবেন না।

তিনি আরও বলেন, নির্ধারিত সময় অনুযায়ী দুপুর ১২টায় জামায়াতসহ ১১ দলীয় জোটের নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা ছিল। তবে বিএনপি সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ না করলে জামায়াতের সদস্যরা কোনো শপথই নেবেন না। তাদের মতে, প্রয়োজনীয় সংস্কার ছাড়া সংসদ কার্যকর হবে না।

বিজ্ঞাপন

Recommended For You