চাঁদপুরে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা

বাংলা রিডার ডেস্ক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ও ১০ দলীয় জোট সমর্থিত চাঁদপুর-৩ (সদর–হাইমচর) আসনের প্রার্থী এবং জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া তাঁর নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন।

সোমবার (৯ ফেব্রুয়ারি) রাত ৮টায় চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে সর্বস্তরের সাংবাদিকদের উপস্থিতিতে তিনি এ ইশতেহার উপস্থাপন করেন।

অনুষ্ঠানে সঞ্চালনার দায়িত্ব পালন করেন নির্বাচন পরিচালনা কমিটির প্রধান ও চাঁদপুর শহর জামায়াতের আমির অ্যাডভোকেট মো. শাহজাহান খান। বক্তব্য দেন এনসিপি চাঁদপুর জেলা কমিটির আহ্বায়ক মো. মাহবুব আলম, চাঁদপুর সদর জামায়াতের আমির মাওলানা আফছার উদ্দিন মিয়াজী এবং শহর ছাত্রশিবিরের সভাপতি মো. জাহিদুল ইসলাম। শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত করেন হাফেজ মো. হামেদ।

ইশতেহার ঘোষণার আগে প্রার্থী মো. শাহজাহান মিয়া বলেন, তিনি একজন সাংবাদিক পরিবারের সন্তান এবং অতীতের মতো ভবিষ্যতেও সাংবাদিকদের সুখ-দুঃখে পাশে থাকার অঙ্গীকার করেন।

লিখিত ইশতেহার পাঠকালে তিনি বলেন, চাঁদপুর একটি সম্ভাবনাময় জেলা, যা পদ্মা, মেঘনা ও ডাকাতিয়া নদীবেষ্টিত। নদী একদিকে আশীর্বাদ হলেও অপরিকল্পিত বাঁধ নির্মাণ ও বালু সিন্ডিকেটের কারণে ভয়াবহ নদীভাঙনে বহু পরিবার নিঃস্ব হয়েছে এবং ব্যবসা প্রতিষ্ঠান নদীগর্ভে বিলীন হয়েছে। এসব সমস্যার স্থায়ী সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি।

তিনি বলেন, চাঁদপুরবাসীর প্রত্যাশা খুব বেশি নয়—নিরাপত্তা, সম্মানজনক জীবন-জীবিকা, মতপ্রকাশের স্বাধীনতা, নিরাপদ যাতায়াত, সুশিক্ষা এবং দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত সমাজ। এসব চাহিদা পূরণে তিনি জনগণের সেবক হিসেবে কাজ করতে চান।

নির্বাচনী ইশতেহারের প্রধান প্রতিশ্রুতি
ইশতেহারে অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া ২৬ দফা উন্নয়ন ও সংস্কার পরিকল্পনা তুলে ধরেন। উল্লেখযোগ্য দফাগুলোর মধ্যে রয়েছে—
চাঁদপুরকে পর্যটন নগরী হিসেবে গড়ে তোলা এবং কর্মসংস্থান সৃষ্টি
তিন নদীর মোহনা কেন্দ্র করে মেরিন ড্রাইভ আদলে সড়ক নির্মাণ
নৈতিকতা সম্পন্ন নাগরিক গঠনে নতুন শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন
বৃহৎ ঈদগাহ মাঠ নির্মাণ
চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ পূর্ণাঙ্গ করা
চাঁদপুর–কক্সবাজার সরাসরি রেল যোগাযোগ চালু
ইলিশ উৎপাদন বৃদ্ধি ও রপ্তানিতে বিশেষ গুরুত্ব
খেলার মাঠ ও স্টেডিয়াম উন্নয়ন
হাইমচরকে পৌরসভায় উন্নীতকরণ ও জলাবদ্ধতা নিরসন
মসজিদভিত্তিক সামাজিক উন্নয়ন প্রকল্প গ্রহণ
প্রতি ইউনিয়নে পাঠাগার স্থাপন
কিশোর গ্যাং ও মাদকমুক্ত সমাজ গঠন
পরিকল্পিত নগরায়ন, যানজট নিরসন ও বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়ন
নদীভাঙন রোধে টেকসই বাঁধ নির্মাণ
সুশাসন, জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ
শিল্পকারখানা স্থাপন ও কর্মসংস্থান সৃষ্টি
বালু সিন্ডিকেট দমন ও নদী রক্ষা
পান-সুপারি শিল্প পুনরুজ্জীবন
পার্ক নির্মাণ ও সামাজিক সুরক্ষা কর্মসূচি বাস্তবায়ন
তরুণদের কর্মসংস্থানে ক্ষুদ্রঋণ ও আইসিটি প্রকল্প গ্রহণ
আইনশৃঙ্খলা উন্নয়নে সার্বক্ষণিক তদারকি এবং দরিদ্রদের জন্য আইনি সহায়তা
‘পাহারাদার’ অ্যাপ ও ‘আমার টাকা আমার হিসাব’ কর্মসূচি বাস্তবায়ন
তিনি বলেন, এসব পরিকল্পনা বাস্তবায়িত হলে চাঁদপুর সদর–হাইমচর আসনকে দেশের একটি মডেল নির্বাচনী এলাকা হিসেবে গড়ে তোলা সম্ভব হবে। অগ্রাধিকার ভিত্তিতে প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের আশ্বাস দেন তিনি।
অনুষ্ঠানে প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী, সাধারণ সম্পাদক এম. এ. লতিফসহ স্থানীয় ও জাতীয় গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। ইশতেহার নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন প্রার্থী মো. শাহজাহান মিয়া।

বিজ্ঞাপন

Recommended For You