
বাংলা রিডার ডেস্ক
চাঁদপুর জেলা মহিলা দলের উদ্যোগে চাঁদপুর-৩ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিকের সমর্থনে এক মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে শহরের পৌর পার্কে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য রেহানা আক্তার রানু। তিনি বলেন, “১২ তারিখ ভোটকেন্দ্রে গিয়ে আপনারা ভোট দেবেন। আগের মতো ভোট ছাড়া কেউ এমপি, মন্ত্রী বা মেয়র হোক—এটা আমরা চাই না। জনগণের ভোটেই শেখ ফরিদ আহমেদ মানিককে জয়যুক্ত করতে হবে।”
তিনি আরও বলেন, “হাসিনা সরকার আমাদের নেত্রীর ওপর যে নির্যাতন চালিয়েছে, জনগণ তা ভুলে যায়নি। আজ যারা ভেবেছিল আজীবন ক্ষমতায় থাকবে, তারা পালাতে বাধ্য হয়েছে।” তিনি তারেক রহমানের আস্থার কথা উল্লেখ করে নেতাকর্মীদের শেখ ফরিদ আহমেদ মানিকের পক্ষে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য ও ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিকের স্ত্রী মনিরা আহমেদ।
চাঁদপুর জেলা মহিলা দলের সভাপতি অ্যাডভোকেট মনিরা চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শিরিন সুলতানা মুক্তার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য রাশেদা বেগম হীরা, শেখ ফরিদ আহমেদ মানিকের কন্যা ফারিসা আহমেদ মানহা, জমিয়তে উলামায়ে ইসলাম চাঁদপুর জেলার সাধারণ সম্পাদক মুফতি সাব্বির আহমেদ, জেলা মহিলা দলের সহ-সম্পাদিকা নাইমা রহমানসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।
সমাবেশের শুরুতে বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল এসে অনুষ্ঠানে যোগ দেয়।



