
বাংলা রিডার ডেস্ক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থীর সমর্থনে হাইমচরে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে উপজেলার আলগী বাজার দুর্গাপুর হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত এ জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর-৩ (চাঁদপুর সদর–হাইমচর) আসনের সংসদ সদস্য প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক।
জনসভায় শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সবাই ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিজয় নিশ্চিত করবেন। তিনি দেশবাসীর দোয়া ও সমর্থন কামনা করে বলেন, এ বিজয়ের মধ্য দিয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নেতৃত্বে এনে প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ সৃষ্টি হবে।
উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ আমিন উল্লাহ বেপারীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শফিক পাটওয়ারীর সঞ্চালনায় অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশ চাঁদপুর জেলা নেতা মুফতি মাওলানা শিরাজুল ইসলাম, জেলা বিএনপির সদস্য মাহবুবুর রহমান শাহিন, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, সাংগঠনিক সম্পাদক ফয়সাল গাজী বাহার, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক কাজী আবুল কালাম আজাদসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়াও বক্তব্য দেন উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের স্থানীয় নেতারা।
উল্লেখ্য, হাইমচর উপজেলার ছয়টি ইউনিয়ন থেকে বিপুল সংখ্যক নারী-পুরুষ স্থানীয় নেতাকর্মীদের নেতৃত্বে জনসভায় অংশগ্রহণ করেন।



