এলাকার সন্তান হিসেবে ধানের শীষে ভোট চাইলেন তারেক রহমান

বাংলা রিডার ডেস্ক
নিজের নির্বাচনী এলাকা ঢাকা-১৭-এর সন্তান হিসেবে ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট চেয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

রাজধানীর মিরপুর ইসিবি চত্বরের এক পথসভায় তিনি বলেন, “আমি এই এলাকার সন্তান। শৈশব থেকেই এখানে বড় হয়েছি। আমার ও আমার ভাইয়ের সন্তানরা এখানেই জন্মেছে, আমাদের বিয়েও হয়েছে এই এলাকায়। তাই এখানকার সন্তান হিসেবে মা-বোন ও ভাইদের কাছে ধানের শীষে ভোট চাইছি। ধানের শীষকে জয়ী করতে সবাইকে বিনীত অনুরোধ জানাচ্ছি।”

রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে তিনি মঞ্চে উঠে নেতাকর্মীদের শুভেচ্ছা জানান এবং ৩টা ৩৭ মিনিটে বক্তব্য শুরু করেন।

তিনি বলেন, এটি একটি পথসভা এবং মানুষের চলাচলের রাস্তা হওয়ায় বক্তব্য সংক্ষিপ্ত রাখবেন।

ঢাকাকে একটি নিরাপদ শহরে রূপান্তরের অঙ্গীকার করে তারেক রহমান বলেন, যাতে মা-বোনেরা যে কোনো সময় নিরাপদে চলাচল করতে পারেন এবং ব্যবসা-বাণিজ্যও নির্বিঘ্নে করতে পারেন।

তিনি আরও বলেন, বিএনপি ১২ ফেব্রুয়ারি সরকার গঠন করতে পারলে ঢাকা শহরে ৪০টি খেলার মাঠ নির্মাণ করা হবে। পাশাপাশি ইসিবি চত্বর থেকে জসিম উদ্দিন পর্যন্ত সড়ক প্রশস্ত করার প্রতিশ্রুতিও দেন তিনি।

সবশেষে তিনি আবারও ভোটারদের কাছে ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান।

বিজ্ঞাপন

Recommended For You