নির্বাচন না হলে দেশ ক্ষতির মুখে পড়বে: মির্জা ফখরুল

বাংলা রিডার ডেস্ক

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সময়মতো নির্বাচন অনুষ্ঠিত না হলে দেশ বড় ধরনের রাজনৈতিক ক্ষতির মুখে পড়বে এবং ফ্যাসিবাদের আশঙ্কা বাড়বে।

শুক্রবার (২৯ আগস্ট) সকালে জাতীয় প্রেস ক্লাবে সৈয়দা ফাতেমা সালাম রচিত ‘রক্তাক্ত জুলাই’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, “নির্বাচন না হলে দেশে ফ্যাসিবাদ পুনরায় মাথাচাড়া দিতে পারে। শুধু দেশেই নয়, আন্তর্জাতিকভাবেও এমন প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে।”

দলীয় নেতা-কর্মীদের সতর্ক করে বিএনপি মহাসচিব বলেন, “ভাববেন না, আমরা ক্ষমতার খুব কাছাকাছি পৌঁছে গেছি। এখনো অনেক ষড়যন্ত্র ও বাধা রয়েছে। জনগণের আস্থা অর্জন করতে হলে সৎভাবে কাজ করতে হবে।”

গণতান্ত্রিক উত্তরণের প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, রাজনৈতিক দলগুলো একযোগে এগিয়ে এলে সংকট উত্তরণ সম্ভব। তিনি আরও বলেন, “রাজনৈতিক মতপার্থক্য থাকলেও এখন দেশের মানুষ বিভ্রান্ত ও অনিশ্চয়তায় রয়েছে।”

তিনি স্পষ্ট করে বলেন, “অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনই হতে পারে কাঙ্ক্ষিত রাষ্ট্র ব্যবস্থার একমাত্র পথ।”

বিএনপির পক্ষ থেকে সংস্কারের বিষয়ে তাদের অবস্থান পুনর্ব্যক্ত করে ফখরুল বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র ও গণমাধ্যমের স্বাধীনতার ভিত্তি স্থাপন করেছিলেন এবং খালেদা জিয়া সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেন।

কিছু রাজনৈতিক দলের প্রতি অভিযোগ করে তিনি বলেন, “বিএনপিকে হেয় করার জন্য নানা মিথ্যা প্রচার চালানো হচ্ছে। আমাদের দায়িত্ব, এমন কিছু না করা যাতে কেউ আমাদের বিরুদ্ধে বলার সুযোগ পায়।”

তিনি আরও বলেন, “দেশের মানুষ পরিবর্তন চায়। সেই পরিবর্তনের নেতৃত্ব দেওয়াই এখন বিএনপির প্রধান দায়িত্ব।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কবি ও সাংবাদিক আবদুল হাই শিকদার। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ড. মাহদী আমিন।

বিজ্ঞাপন

Recommended For You