সময় হলে সব জানাবেন বুবলী

বাংলা রিডার ডেস্ক

ঢালিউডে জোর গুঞ্জন, মা হতে চলেছেন চিত্রনায়িকা শবনম বুবলী। সম্প্রতি একটি অনুষ্ঠানে তার উপস্থিতি ও শারীরিক পরিবর্তন এই আলোচনা আরও জোরালো করেছে। তবে বরাবরের মতো এবারও বিষয়টি নিয়ে স্পষ্ট কোনো মন্তব্য করেননি নায়িকা।

গত শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাজধানীর একটি শপিং কমপ্লেক্সে একটি ব্র্যান্ডের গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠানে হাজির হন বুবলী। সাদা ফ্লোর টাচ গাউনে উপস্থিত হওয়া নায়িকার একটি ভিডিও ভাইরাল হলে নেটিজেনদের দাবি, ক্যামেরায় তার বেবিবাম্প স্পষ্ট দেখা গেছে। সেই অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকদের মাঝেও এ নিয়ে কৌতূহল তৈরি হয়। তার হাঁটাচলা ও শারীরিক ভঙ্গি দেখে অনেকেই ধারণা করেন, তিনি মা হতে চলেছেন।

এ বিষয়ে প্রশ্ন করা হলে বুবলী সরাসরি অস্বীকার বা স্বীকার কিছুই করেননি। কৌশলী জবাবে তিনি বলেন, “আপনারা নিউজ করবেন, এটা খুব স্বাভাবিক। অডিয়েন্সের জায়গা থেকেও আগ্রহ থাকবে। তবে সবকিছুরই একটা সময় ও স্থান আছে, যেদিন আমার প্রোগ্রাম হবে, সেদিন আমি সব বলব।”

তিনি আরও বলেন, “আজ আমরা একটা গ্র্যান্ড লঞ্চিংয়ে এসেছি, তাই আপাতত ন্যাচারালভাবেই থাকতে চাই।”

এদিকে শোনা যাচ্ছে, খুব শিগগিরই যুক্তরাষ্ট্রে যাচ্ছেন বুবলী। গুঞ্জন রয়েছে, শাকিব খানের পরামর্শেই তিনি সেখানে সন্তান জন্ম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এবং সে সময় শাকিব খানও তার পাশে থাকতে পারেন।

দীর্ঘদিন ধরে শাকিব খান ও বুবলীর সম্পর্কের দূরত্বের কথা শোনা গেলেও তাদের আবার বাবা-মা হওয়ার গুঞ্জন নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। সম্প্রতি এ নিয়ে একাধিক প্রশ্নের মুখে পড়লেও বরাবরের মতো কৌশলী উত্তরই দিয়েছেন বুবলী।

উল্লেখ্য, গত বছর নিউ ইয়র্কের সেন্ট্রাল পার্কে সন্তান শেহজাদ খান বীরকে নিয়ে এই জুটিকে একসঙ্গে ঘুরতে দেখা যায়। তখন থেকেই গুঞ্জন শুরু হয়, তারা হয়তো আবারও কাছাকাছি এসেছেন। বর্তমান পরিস্থিতিতে ভক্তদের মনে প্রশ্ন জেগেছে—বুবলীর সম্ভাব্য সন্তানের বাবা কি তবে শাকিব খানই?

বিজ্ঞাপন

Recommended For You