আজ পবিত্র শবে বরাত

বাংলা রিডার ডেস্ক
যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আজ মঙ্গলবার দিবাগত রাতে সারাদেশে পালিত হবে পবিত্র শবে বরাত। এ উপলক্ষে আগামীকাল বুধবার সরকারি ছুটি থাকবে।

শবে বরাত অর্থ মুক্তির রাত। হিজরি সনের শাবান মাসের ১৪ তারিখ দিবাগত এই রাতটি মুসলমানদের কাছে রহমত, মাগফেরাত ও নাজাতের সৌভাগ্যময় রজনী হিসেবে পরিচিত। এ রাতে মহান আল্লাহ তাআলা বান্দাদের জন্য অশেষ রহমতের দরজা খুলে দেন বলে বিশ্বাস করা হয়। ধর্মপ্রাণ মুসলমানরা নফল নামাজ, কোরআন তিলাওয়াত, জিকির-আজকার ও দোয়ার মাধ্যমে রাতটি ইবাদতে কাটান। অতীতের গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা এবং ভবিষ্যৎ জীবনের কল্যাণ কামনায় মোনাজাত করেন। অনেকেই আত্মীয়-স্বজনদের কবর জিয়ারত করে মরহুমদের রূহের মাগফেরাত কামনা করেন।

পবিত্র শবে বরাত মুসলমানদের কাছে পবিত্র রমজানের আগমনী বার্তাও বহন করে। শাবান মাসের পরেই রমজান আসায় এ রাত থেকেই কার্যত রমজানের প্রস্তুতি শুরু হয়। শবে বরাত উপলক্ষে অনেক বাড়িতে হালুয়া-রুটিসহ বিভিন্ন খাবার প্রস্তুত করে আত্মীয়স্বজন, প্রতিবেশী ও দরিদ্রদের মধ্যে বিতরণ করা হয়।

এ উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে আজ মঙ্গলবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত ওয়াজ মাহফিল, দোয়া, কোরআন তিলাওয়াত, হামদ-নাতসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এদিকে, পবিত্র শবে বরাতের রাতে বিস্ফোরক দ্রব্য, আতশবাজি, পটকা ও অন্যান্য ক্ষতিকর ও দূষণকারী সামগ্রী বহন ও ফোটানো নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বাসস জানায়, পবিত্র শবে বরাত উপলক্ষে এক বাণীতে দেশবাসী ও বিশ্বের মুসলিম উম্মাহর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও কল্যাণ কামনা করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি এ রাতকে রহমত, মাগফেরাত ও আত্মশুদ্ধির এক মহামূল্যবান সুযোগ হিসেবে উল্লেখ করে সবাইকে ইবাদত, আত্মসমালোচনা ও মানবকল্যাণমূলক কাজে আত্মনিয়োগের আহ্বান জানান। তিনি বলেন, শবে বরাতের শিক্ষা শুধু ব্যক্তিগত ইবাদতে সীমাবদ্ধ না রেখে সমাজ ও জাতির কল্যাণে প্রয়োগ করতে হবে।

এদিকে, পবিত্র শবে বরাত উপলক্ষে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানও বাণী দিয়েছেন। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরে প্রকাশিত বাণীতে তিনি বলেন, শবে বরাত শাবান মাসের একটি মহিমান্বিত রাত। তিনি বাংলাদেশসহ বিশ্ব মুসলিমের অব্যাহত সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। পাশাপাশি সহিংসতা, হিংসা ও বিদ্বেষ পরিহার করে মানবকল্যাণে সংযম, সহিষ্ণুতা ও সৌহার্দ্য অর্জনের আহ্বান জানান।

হাদিসে বর্ণিত আছে, অর্ধ-শাবানের রাতে আল্লাহ তাআলা বান্দাদের প্রতি বিশেষ রহমত ও ক্ষমা বর্ষণ করেন, তবে শিরক ও বিদ্বেষে লিপ্ত ব্যক্তিরা এই সাধারণ ক্ষমা থেকে বঞ্চিত থাকে। আরেক হাদিসে এসেছে, এই রাতটি ইবাদতে কাটাতে এবং পরদিন রোজা রাখতে উৎসাহিত করা হয়েছে।

মহান আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে শবে বরাতের বরকত লাভের তাওফিক দান করেন এবং রমজান মাসকে যথাযথভাবে গ্রহণ করার সুযোগ দেন—আমীন।

বিজ্ঞাপন

Recommended For You