খুলনার জনসভা মঞ্চে তারেক রহমান

বাংলা রিডার ডেস্ক
দীর্ঘ ২২ বছর পর খুলনায় এসে নির্বাচনি জনসভায় যোগ দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

সোমবার (২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টায় নগরীর খালিশপুরের প্রভাতী স্কুল মাঠে পৌঁছান তিনি। মঞ্চে উঠতেই নেতা-কর্মী ও সমর্থকরা করতালি দিয়ে তাকে স্বাগত জানান। তারেক রহমান হাত নেড়ে উপস্থিত জনতার শুভেচ্ছার জবাব দেন।

মঞ্চে খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট জেলার ধানের শীষের ১৪টি আসনের প্রার্থীরা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে রয়েছেন—আমীর এজাজ খান (খুলনা-১), নজরুল ইসলাম মঞ্জু (খুলনা-২), রকিবুল ইসলাম (খুলনা-৩), এস কে আজিজুল বারী (খুলনা-৪), মোহাম্মদ আলি আসগার (খুলনা-৫), এস এম মনিরুল হাসান বাপ্পী (খুলনা-৬); হাবিবুল ইসলাম হাবিব (সাতক্ষীরা-১), আব্দুর রউফ (সাতক্ষীরা-২), কাজী আলাউদ্দীন (সাতক্ষীরা-৩), মনিরুজ্জামান (সাতক্ষীরা-৪); কপিল কৃষ্ণ মন্ডল (বাগেরহাট-১), শেখ মোহাম্মদ জাকির হোসেন (বাগেরহাট-২), শেখ ফরিদুল ইসলাম (বাগেরহাট-৩) ও সোম নাথ দে (বাগেরহাট-৪)।

এর আগে হেলিকপ্টারে ঢাকা থেকে খুলনায় পৌঁছান বিএনপি চেয়ারম্যান। সকাল সাড়ে ৯টা থেকেই ছোট ছোট মিছিল নিয়ে নেতাকর্মীরা সমাবেশস্থলে জড়ো হতে থাকেন। তারা বিভিন্ন প্রার্থীর প্ল্যাকার্ড ও ধানের শীষ প্রতীক হাতে নিয়ে স্লোগান দেন—‘ভোট দিব কিসে, ধানের শীষে’। বাদ্যযন্ত্রের দলও সমাবেশে অংশ নেয়।

কোরআন ও গীতাপাঠের মধ্য দিয়ে বেলা ১১টায় সমাবেশের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। এতে সভাপতিত্ব করেন মহানগর বিএনপির সভাপতি শফিকুল আলম মনা।

উল্লেখ্য, সর্বশেষ ২০০৫ সালের ২৩ মার্চ ইউনিয়ন প্রতিনিধি সম্মেলনে যোগ দিতে খুলনায় এসেছিলেন তারেক রহমান।

খুলনার জনসভা শেষে দুপুর ১টায় তিনি হেলিকপ্টারে যশোরের উদ্দেশে রওনা হবেন। দুপুর পৌনে ২টায় নতুন উপশহরের বিরামপুর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনি জনসভায় তার অংশ নেওয়ার কথা রয়েছে। সেখানকার কর্মসূচি শেষে তিনি হেলিকপ্টারে ঢাকায় ফিরবেন।

বিজ্ঞাপন

Recommended For You