আজ খুলনা ও যশোরে সমাবেশে যোগ দেবেন তারেক রহমান

বাংলা রিডার ডেস্ক
উত্তরাঞ্চলে তিন দিনের নির্বাচনি সফর শেষে আজ সোমবার খুলনা ও যশোরে দুটি সমাবেশে অংশ নেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

সকালে ঢাকা থেকে হেলিকপ্টারে খুলনায় পৌঁছে তিনি দুপুর ১২টার দিকে খালিশপুর প্রভাতি হাই স্কুল মাঠে আয়োজিত নির্বাচনি সমাবেশে বক্তব্য দেবেন। এরপর দুপুর দেড়টার দিকে যশোরের উদ্দেশে রওনা হবেন।

গতকাল রোববার খুলনার একটি হোটেলে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক ও খুলনা-৩ আসনের প্রার্থী রকিবুল ইসলাম বকুল জানান, এ সমাবেশে খুলনা ছাড়াও বাগেরহাট ও সাতক্ষীরা জেলার বিএনপি প্রার্থীরা উপস্থিত থাকবেন। সমাবেশে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উন্নয়নে তারেক রহমান ও দলের পরিকল্পনা তুলে ধরা হবে।

প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন বিএনপির তথ্যবিষয়ক সম্পাদক ও খুলনা-৪ আসনের প্রার্থী আজিজুল বারী হেলাল, খুলনা-২ আসনের প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু, সহসাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু, মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা, সাবেক মেয়র মনিরুজ্জামান মনি প্রমুখ।

বিএনপি নেতারা জানান, শিল্পাঞ্চলের শ্রমিকদের কথা শোনার লক্ষ্যেই খুলনায় এ সমাবেশের আয়োজন করা হয়েছে। এতে বন্ধ মিল-কারখানা চালু, যুবসমাজের কর্মসংস্থান, উপকূলীয় অঞ্চলে টেকসই বেড়িবাঁধ, গ্যাস সংযোগ ও মোংলা বন্দর উন্নয়নসহ একগুচ্ছ পরিকল্পনা তুলে ধরবেন তারেক রহমান।

নেতারা জানান, এই জনসমাবেশকে দক্ষিণাঞ্চলের সর্ববৃহৎ নির্বাচনি সমাবেশে পরিণত করার লক্ষ্য নেওয়া হয়েছে। এ জন্য সমন্বয়, আবাসন, শৃঙ্খলা, মিডিয়াসহ ছয়টি উপকমিটি গঠন করা হয়েছে এবং মাঠের প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

উল্লেখ্য, খুলনার সমাবেশ থেকে খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলার ১৪টি আসনের বিএনপি প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন তারেক রহমান। এরপর তিনি যশোরে যাবেন।

যশোরে তার সমাবেশ অনুষ্ঠিত হবে শহরের বাইরে উপশহর কলেজ মাঠে। জনসমাগম ও যানজটের কথা বিবেচনায় নিয়ে জেলা বিএনপি এ স্থান নির্ধারণ করেছে। সেখানে যশোরের ছয়টি আসনসহ মোট সাত জেলার বিএনপি প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়া হবে।

এ বিষয়ে গতকাল রোববার প্রেস ক্লাব যশোরে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক ও যশোর-৩ আসনের প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত জানান, স্বল্প সময়ের নোটিশে এত বড় সমাবেশ আয়োজন করতে নেতাকর্মীরা দিনরাত পরিশ্রম করছেন। আশা করা হচ্ছে, এটি যশোরে বিএনপির সর্ববৃহৎ জনসমাবেশ হবে।

আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, সমাবেশের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ প্রশাসনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে এবং শান্তিপূর্ণভাবে অনুষ্ঠান সম্পন্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

দলীয় সূত্র জানায়, যশোরের সমাবেশ শেষে বিকেলেই হেলিকপ্টারে ঢাকায় ফিরে যাবেন তারেক রহমান।

বিজ্ঞাপন

Recommended For You