প্লট দুর্নীতি মামলায় হাসিনা-টিউলিপসহ ২২ জনের রায় সোমবার

বাংলা রিডার ডেস্ক
পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগের মামলায় সাবেক স্বৈরশাসক শেখ হাসিনা, শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক ও আজমিনা সিদ্দিক এবং ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিকসহ ২২ জনের বিরুদ্ধে দায়ের করা মামলার রায় ঘোষণা করা হবে সোমবার।

সোমবার (২ ফেব্রুয়ারি) ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক রবিউল আলম এ রায় ঘোষণা করবেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) পাবলিক প্রসিকিউটর মো. হাফিজুর রহমান জানান, দুদকের করা দুটি মামলার রায়ের তারিখ নির্ধারিত রয়েছে। শেখ রেহানার মেয়ে আজমিনা সিদ্দিক ও ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিকের নামে পূর্বাচল প্রকল্পে প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে এসব মামলা করা হয়।

তিনি আরও জানান, আজমিনা সিদ্দিকের মামলায় ১৩ জানুয়ারি যুক্তিতর্ক শুনানি শেষ হয় এবং রাদওয়ান মুজিব সিদ্দিকের মামলায় ১৮ জানুয়ারি শুনানি শেষে রায়ের দিন ধার্য করা হয়।

এই মামলার আসামিদের মধ্যে রয়েছেন শেখ হাসিনা, যুক্তরাজ্যপ্রবাসী ও দেশটির সংসদ সদস্য টিউলিপ সিদ্দিক, আজমিনা সিদ্দিক, রাদওয়ান মুজিব সিদ্দিক, সাবেক গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, সাবেক প্রধানমন্ত্রীর একান্ত সচিব মোহাম্মদ সালাহ উদ্দিন, জাতীয় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের কর্মকর্তা মো. সাইফুল ইসলাম সরকার, সিনিয়র সহকারী সচিব পূরবী গোলদার, সচিব কাজী ওয়াছি উদ্দিন, সাবেক সচিব শহীদ উল্লা খন্দকার, অতিরিক্ত সহকারী সচিব মোহাম্মদ অলি উল্লাহ, রাজউকের সাবেক চেয়ারম্যান মো. আনিছুর রহমান মিঞা, সাবেক সদস্য মোহাম্মদ খুরশীদ আলম, তন্ময় দাস, মোহাম্মদ নাসির উদ্দীন, মেজর (অব.) সামসুদ্দীন আহমদ চৌধুরী, সাবেক পরিচালক মোহাম্মদ নুরুল ইসলাম, সাবেক পরিচালক মো. কামরুল ইসলাম, সহকারী পরিচালক ফারিয়া সুলতানা, সহকারী পরিচালক মাজহারুল ইসলাম, উপপরিচালক নায়েব আলী শরীফ ও পরিচালক শেখ শাহিনুল ইসলাম।

প্রত্যেক মামলায় ১৮ জন করে আসামি রয়েছে। এর মধ্যে ১৪ জন দুটি মামলাতেই অভিযুক্ত এবং চারজন করে আসামি আলাদা আলাদা।

শেখ রেহানার মেয়ে আজমিনা সিদ্দিক ও ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিকের নামে ১০ কাঠা করে প্লট বরাদ্দের অভিযোগে এ দুটি মামলা দায়ের করে দুদক।

এর আগে গত ৩১ জুলাই একই আদালত প্লট বরাদ্দে দুর্নীতিসংক্রান্ত তিন মামলায় শেখ হাসিনাসহ অন্যদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। এর মধ্যে শেখ রেহানার নামে প্লট বরাদ্দ সংক্রান্ত মামলার রায় ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে।

বিজ্ঞাপন

Recommended For You