ডাকসু থেকে পদত্যাগের ঘোষণা দিলেন সর্বমিত্র চাকমা

বাংলা রিডার ডেস্ক
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শারীরিক শিক্ষাকেন্দ্রে কয়েকজন বহিরাগতকে কান ধরে উঠবস করানোর ঘটনায় দুঃখপ্রকাশ ও নিঃশর্ত ক্ষমা চেয়ে ডাকসুর কার্যনির্বাহী সদস্য সর্বমিত্র চাকমা পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

সোমবার (২৬ জানুয়ারি) ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক সমালোচনা শুরু হয়। এরপর দুপুরে নিজের ফেসবুক পেজে পৃথক দুটি পোস্ট দিয়ে তিনি দুঃখ প্রকাশ, ক্ষমা প্রার্থনা এবং পদত্যাগের সিদ্ধান্তের কথা জানান।

দুঃখ প্রকাশ করে তিনি লেখেন, শারীরিক শিক্ষাকেন্দ্রের মাঠটি শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য হলেও দীর্ঘদিন ধরে বহিরাগতদের অবাধ প্রবেশ একটি গুরুতর নিরাপত্তা সংকটে পরিণত হয়েছে। নারী শিক্ষার্থীদের হেনস্তা, মোবাইল, মানিব্যাগ ও সাইকেল চুরির মতো ঘটনাও ঘটছে বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, এসব বিষয়ে বারবার প্রশাসনকে জানানো হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। সিসি ক্যামেরা স্থাপন, নিরাপত্তা জোরদার বা বহিরাগতদের প্রবেশ রোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়নি। বহিরাগতরা নিয়মিতভাবে ঢাকা মেডিকেল কলেজ সংলগ্ন দেয়াল টপকে মাঠে প্রবেশ করছে এবং নিষেধ করলে তারা উল্টো কর্মীদের লক্ষ্য করে ঢিল ছুড়ে পালিয়ে যাচ্ছে বলেও জানান তিনি।

এই পরিস্থিতিতে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে গিয়ে তিনি বহিরাগতদের কান ধরে উঠবস করাতে বাধ্য হন বলে উল্লেখ করেন সর্বমিত্র। তবে তিনি স্বীকার করেন, এ ধরনের আচরণ তার উচিত হয়নি এবং এ ঘটনার জন্য তিনি নিঃশর্তভাবে ক্ষমা চান।

পরে আরেক পোস্টে পদত্যাগের ঘোষণা দিয়ে তিনি লেখেন, শিক্ষার্থীদের প্রত্যাশা নিয়ে তিনি দায়িত্ব গ্রহণ করেছিলেন এবং ক্যাম্পাসে নিবন্ধিত রিকশা চালু, যানবাহন সীমিতকরণসহ বিভিন্ন প্রস্তাব প্রশাসনে দিয়েছেন। তবে নিরাপত্তা ইস্যুতে প্রশাসনের স্থবিরতা এবং আইনি সীমা অতিক্রম করে পরিস্থিতি মোকাবিলা করতে গিয়ে তার ব্যক্তিগত ও মানসিক অবস্থার ওপর নেতিবাচক প্রভাব পড়েছে।

তিনি বলেন, পরিস্থিতি সামাল দিতে গিয়ে আইনসম্মত সীমার বাইরে যেতে হয়েছে, যা তাকে মানসিকভাবে বিপর্যস্ত করেছে। এ অবস্থায় দায়িত্ব পালন চালিয়ে যাওয়ার সক্ষমতা তার আর নেই। তাই তিনি স্বেচ্ছায় পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন এবং কারও প্ররোচনা বা অভিমান থেকে নয়, নিজ বিবেচনাতেই এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান।

বিজ্ঞাপন

Recommended For You