জাতীয় পার্টিও চায় আগামীতে বিএনপি ক্ষমতায় আসুক: শেখ ফরিদ আহমেদ মানিক

বাংলা রিডার ডেস্ক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-3 (সদর–হাইমচর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিকের পক্ষে ধানের শীষ প্রতীকে সমর্থন জানিয়ে মতবিনিময় সভার আয়োজন করেছে জেলা জাতীয় পার্টি।

রোববার সকালে শহরের বিপণীবাগ পৌর সুপার মার্কেটের সামনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্যে শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, তারেক রহমান আগামী দিনে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন—এই প্রত্যাশা দেশের জনগণের। আগামী ১২ ফেব্রুয়ারি চাঁদপুর-৩ আসনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তাকে বিজয়ী করার আহ্বান জানান তিনি। একই সঙ্গে তিনি বলেন, জাতীয় পার্টিও চায় আগামীতে বিএনপি ক্ষমতায় আসুক।

চাঁদপুর জেলা জাতীয় পার্টির সহসভাপতি ও পৌর জাতীয় পার্টির আহ্বায়ক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরু মিজির সভাপতিত্বে এবং সদর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম ও পৌর জাতীয় পার্টির সদস্যসচিব মো. ফেরদৌস খাঁনের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্লাহ সেলিম, সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি জাকির হোসেন হিরু, জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক গোলাম নবী লিটন, দপ্তর সম্পাদক শাহজাহান মাতাব্বর, যুব বিষয়ক সম্পাদক হান্নান ঢালী, জেলা স্বেচ্ছাসেবক পার্টির সদস্যসচিব কামরুল ইসলাম, জেলা মহিলা পার্টির সদস্যসচিব শাহিনা স্বপ্না, হাইমচর উপজেলা জাতীয় পার্টির সভাপতি সিরাজ সর্দার ও সাধারণ সম্পাদক মো. আবুল কালাম আজাদ, রামপুর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আলম তালুকদার।

এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি, জেলা বিএনপির সহসভাপতি খলিলুর রহমান গাজী, ফেরদৌস আলম বাবু, সাংগঠনিক সম্পাদক মুনীর চৌধুরী, হাজী মোশাররফ হোসেন, যুগ্ম সম্পাদক সেলিমুস সালাম, আফজাল হোসেন, প্রচার সম্পাদক শরীফ উদ্দিন পলাশসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সভায় সভাপতির বক্তব্যে আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরু মিজি বলেন, জাতীয় পার্টি স্বাধীনতার পক্ষের শক্তি। চাঁদপুর-৩ আসনে জাতীয় পার্টির কোনো প্রার্থী না থাকায় তারা ধানের শীষের প্রার্থীকে সমর্থন দেবেন। তবে এটি দলীয়ভাবে লিখিত সিদ্ধান্ত নয়, বিষয়টি কেন্দ্রীয় মহাসচিব ও জেলা সভাপতিকে জানানো হয়েছে। তিনি বলেন, শেখ ফরিদ আহমেদ মানিক একজন ভদ্র ও গ্রহণযোগ্য ব্যক্তি এবং অতীতে জাতীয় পার্টির কাউকে হয়রানি করেননি। এ নির্বাচনে তারা সক্রিয়ভাবে কাজ করবেন।

বিজ্ঞাপন

Recommended For You