
বাংলা রিডার ডেস্ক
ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাসেলকে আবার গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
সোমবার (১৯ জানুয়ারি) রাতে রাজধানীর ধানমন্ডি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বিষয়টি মঙ্গলবার (২০ জানুয়ারি) নিশ্চিত করেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।
তিনি জানান, শামীমা নাসরিন ও মোহাম্মদ রাসেলের নামে মোট ৩৯১টি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। এসব পরোয়ানার ভিত্তিতেই তাদের গ্রেপ্তার করা হয়েছে।
ডিবি সূত্রে জানা গেছে, ধানমন্ডি, কাফরুল ও সাভার থানায় দায়ের করা একাধিক মামলায় তাদের বিরুদ্ধে প্রায় তিনশ’ গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। শুধু ধানমন্ডি থানাতেই শতাধিক পরোয়ানা রয়েছে তাদের নামে।
এর আগে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে ২০২১ সালের ১৬ সেপ্টেম্বর রাজধানীর মোহাম্মদপুরের বাসা থেকে শামীমা নাসরিন ও মোহাম্মদ রাসেলকে গ্রেপ্তার করা হয়। পরে শামীমা নাসরিন ২০২২ সালের এপ্রিলে এবং মোহাম্মদ রাসেল একই বছরের ডিসেম্বরে জামিনে মুক্তি পান।


