হজযাত্রীদের বাড়ি ভাড়া : ১ ফেব্রুয়ারির মধ্যে সম্পন্নের নির্দেশ

বাংলা রিডার ডেস্ক
মক্কা ও মদিনায় হজযাত্রীদের জন্য বাড়ি ভাড়া কার্যক্রমে ধীরগতির কারণে উদ্বেগ প্রকাশ করেছে সৌদি সরকার। বেশিরভাগ বাংলাদেশি লিড এজেন্সি এখনো হজযাত্রীদের আবাসন চুক্তি সম্পন্ন না করায় নির্ধারিত সময়ের মধ্যেই বাড়ি ভাড়া শেষ করার নির্দেশ দিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

শনিবার (১৭ জানুয়ারি) এ বিষয়ে লিড এজেন্সিগুলোর কাছে চিঠি পাঠানো হয়। এতে বলা হয়, সৌদি আরবের ঘোষিত টাইমলাইন অনুযায়ী ২০২৬ সালের হজযাত্রীদের জন্য মক্কা ও মদিনায় বাড়ি ভাড়া কার্যক্রম আগামী ১ ফেব্রুয়ারির মধ্যেই সম্পন্ন করতে হবে।

চিঠিতে উল্লেখ করা হয়, সৌদি সরকারের হজ ও ওমরাহ মন্ত্রণালয় প্রণীত হজ রোডম্যাপ অনুযায়ী নির্ধারিত সময়ের বাইরে কোনো সুযোগ দেওয়া হবে না। গত ১৫ জানুয়ারি সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের মহাপরিচালক এক সভায় জানান, বাংলাদেশি হজযাত্রীদের জন্য বাড়ি ভাড়া কার্যক্রমের অগ্রগতি অত্যন্ত হতাশাজনক। তিনি স্পষ্ট করে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে বাড়ি ভাড়া সম্পন্ন না হলে সংশ্লিষ্ট এজেন্সির অবশিষ্ট হজযাত্রীর তাঁবু ও সার্ভিস প্যাকেজ বাতিল করা হবে।

ধর্ম মন্ত্রণালয়ের চিঠিতে আরও জানানো হয়, ১৬ জানুয়ারি বাংলাদেশ সময় রাত ৯টায় নুসুক মাসার প্ল্যাটফর্ম থেকে প্রাপ্ত প্রতিবেদনে দেখা গেছে—৩০টি লিড এজেন্সির মধ্যে মক্কায় মাত্র ৭ দশমিক ২৬ শতাংশ এবং মদিনায় ১১ দশমিক ৩৫ শতাংশ বাড়ি ভাড়া সম্পন্ন হয়েছে। এছাড়া ১১টি লিড এজেন্সি এখনো মক্কা ও মদিনার কোথাও বাড়ি ভাড়া কার্যক্রম শুরু করেনি।

এ অবস্থায় সৌদি টাইমলাইন অনুসারে আগামী ১ ফেব্রুয়ারির মধ্যে মক্কা-মদিনায় বাড়ি ভাড়া চুক্তি বাধ্যতামূলকভাবে সম্পন্ন করার জন্য সব লিড এজেন্সিকে নির্দেশ দেওয়া হয়েছে।

চিঠিতে আরও বলা হয়, মক্কা-মদিনার বাড়ি ভাড়া, পরিবহন চুক্তি, হজযাত্রীর কোরবানি ও অন্যান্য সৌদি পর্বের খরচ পরিশোধে কোনো এজেন্সির অর্থ পাঠানোর প্রয়োজন হলে তা অবশ্যই আগামী ২০ জানুয়ারির মধ্যে সৌদি আরবে সংশ্লিষ্ট এজেন্সির আইবিএএন (আন্তর্জাতিক ব্যাংক হিসাব নম্বর) হিসাবে পাঠাতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে কার্যক্রম শেষ না করায় কোনো হজযাত্রীর হজে যাওয়া অনিশ্চিত হলে এর দায়ভার সংশ্লিষ্ট এজেন্সিকেই বহন করতে হবে।

বিমান সংস্থাগুলোকে টিকিট চাহিদা দ্রুত নিশ্চিতের নির্দেশ

হজযাত্রীদের বাড়ি ভাড়া চুক্তি দ্রুত সম্পন্ন করতে এজেন্সিগুলোর দাখিল করা বিমান টিকিটের চাহিদা দ্রুত নিশ্চিত করার নির্দেশ দিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনস, সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইনস ও ফ্লাইনাস এয়ারলাইনসকে পৃথক চিঠি পাঠিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

চিঠিতে জানানো হয়, অনুমোদিত ফ্লাইট শিডিউল ইতোমধ্যে হজ পোর্টালে আপলোড করা হয়েছে। বাড়ি ভাড়া নিশ্চিতে এজেন্সিগুলো বিমান টিকিটের রিকোয়েস্ট জমা দিচ্ছে, যা দ্রুত নিশ্চিত করা জরুরি।

সৌদি নির্দেশনা অনুযায়ী একই সার্ভিস কোম্পানির হজযাত্রীদের একই ফ্লাইটে সৌদি আরবে যাত্রা করতে হবে। এছাড়া একটি এজেন্সির মোট হজযাত্রীর কমপক্ষে ২০ শতাংশ প্রি-হজ ফ্লাইটের মধ্যবর্তী সময়ে এবং প্রথম ও শেষ পর্যায়ে ৩০ থেকে ৫০ শতাংশ টিকিট ইস্যু করতে হবে। কোনো পর্যায়েই ৩০ শতাংশের কম বা ৫০ শতাংশের বেশি টিকিট ইস্যু করা যাবে না।

এ প্রেক্ষিতে, বিশেষ করে মদিনায় হজযাত্রীদের বাড়ি ভাড়া চুক্তি দ্রুত সম্পন্নের স্বার্থে এজেন্সিগুলোর দাখিল করা বিমান টিকিটের চাহিদা পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে আগামী ১৯ জানুয়ারির মধ্যে নিশ্চিত করে ধর্ম মন্ত্রণালয়কে অবহিত করার জন্য বিমান সংস্থাগুলোর প্রতি অনুরোধ জানানো হয়েছে।

বিজ্ঞাপন

Recommended For You