৩৫ জেলায় শনাক্ত নিপাহ ভাইরাস, হাসপাতালগুলোকে সতর্ক থাকতে নির্দেশ

বাংলা রিডার ডেস্ক
দেশের ৬৪ জেলার মধ্যে ৩৫ জেলায় নিপাহ ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। গত বছর (২০২৫) দেশে নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য কর্তৃপক্ষ। নিহত প্রত্যেকের শরীরেই পরীক্ষায় নিপাহ ভাইরাসের উপস্থিতি নিশ্চিত করা হয়েছিল। সর্বশেষ একজন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) জানায়, এর আগের বছর ২০২৪ সালে নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছিল। ওই বছর মোট পাঁচজনই ভাইরাসটিতে সংক্রমিত হয়েছিলেন।

বুধবার (৭ জানুয়ারি) আইইডিসিআরের মিলনায়তনে আয়োজিত ‘নিপাহ ভাইরাসের বিস্তার ও ঝুঁকি’ বিষয়ক এক মতবিনিময় সভায় এসব তথ্য জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন আইইডিসিআরের পরিচালক তাহমিনা শিরীন।

সভায় আইইডিসিআরের বৈজ্ঞানিক কর্মকর্তা শারমিন সুলতানা জানান, প্রতিবছর শীত মৌসুমে বাংলাদেশে নিপাহ ভাইরাসের সংক্রমণ বেড়ে যায়। এটি অত্যন্ত মারাত্মক একটি ভাইরাস, যেখানে আক্রান্তদের প্রায় ৭২ শতাংশের মৃত্যু ঘটে। সাধারণত কাঁচা খেজুরের রস পান করার মাধ্যমে মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়। এছাড়া প্রায় ২৮ শতাংশ ক্ষেত্রে একজনের কাছ থেকে আরেকজনের মধ্যে সংক্রমণ ছড়ায়।

তিনি আরও বলেন, নিপাহ ভাইরাসের বিরুদ্ধে এখনো কার্যকর কোনো চিকিৎসা বা টিকা আবিষ্কৃত হয়নি, যা পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলছে।

আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআরবি) সংক্রামক রোগ বিভাগের সহযোগী বিজ্ঞানী ও নিপাহ ভাইরাস জরিপ সমন্বয়কারী ডা. সৈয়দ মঈনুদ্দিন সাত্তার জানান, দেশের ৩৫টি জেলায় নিপাহ ভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে। এর মধ্যে ফরিদপুর, রাজবাড়ী, নওগাঁ ও লালমনিরহাট জেলায় সংক্রমণ ও মৃত্যুহার তুলনামূলকভাবে বেশি।

তিনি বলেন, ঝুঁকিপূর্ণ জেলাগুলোতে নজরদারি জোরদার করা হয়েছে এবং সংশ্লিষ্ট হাসপাতালগুলোকে প্রস্তুত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।

সভায় নিপাহ ভাইরাস প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। বক্তারা জানান, এ ক্ষেত্রে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কাঁচা খেজুরের রস পান থেকে বিরত থাকা এবং স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে মানুষকে সচেতন করতেই প্রতি বছরের মতো এবারও এ মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক নাজমুল হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিপাহ ভাইরাস প্রতিরোধে করণীয়

  • কাঁচা খেজুরের রস পান করা থেকে বিরত থাকতে হবে

  • আংশিক খাওয়া বা পোকায় কাটা ফল খাওয়া যাবে না

  • ফলমূল পরিষ্কার পানি দিয়ে ভালোভাবে ধুয়ে খেতে হবে

  • নিপাহ রোগের লক্ষণ দেখা দিলে দ্রুত নিকটস্থ সরকারি হাসপাতালে যেতে হবে

  • আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এলে সাবান ও পানি দিয়ে ভালোভাবে হাত ধুতে হবে

বিজ্ঞাপন

Recommended For You