গাছে পেরেক লাগালে সর্বোচ্চ ২০ হাজার টাকা জরিমানা

বাংলা রিডার ডেস্ক
গাছে পেরেক লাগানো বা কোনো ধরনের ধাতব বস্তু ব্যবহার করে গাছের ক্ষতি করলে সর্বোচ্চ ২০ হাজার টাকা জরিমানার বিধান রেখে ‘বন ও বৃক্ষ সংরক্ষণ অধ্যাদেশ, ২০২৬’ জারি করেছেন রাষ্ট্রপতি।

মঙ্গলবার (৬ জানুয়ারি) আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ থেকে এ সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়।

অধ্যাদেশে স্পষ্টভাবে বলা হয়েছে, বাণিজ্যিক উৎপাদন ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে গাছে পেরেক লাগানো কিংবা ধাতব বস্তু ব্যবহার করে গাছের ক্ষতিসাধন করা যাবে না। এই বিধান লঙ্ঘন করলে আদালত দোষী ব্যক্তিকে সর্বোচ্চ ২০ হাজার টাকা পর্যন্ত জরিমানা করতে পারবেন।

অধ্যাদেশ অনুযায়ী, বন সংরক্ষণ কর্মকর্তার পূর্বানুমোদন ছাড়া ‘বন আইন, ১৯২৭’-এর ৪ ও ৬ ধারার আওতাভুক্ত গেজেটভুক্ত বন, অশ্রেণিভুক্ত রাষ্ট্রীয় বন, সামাজিক বন, সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন গণপরিসরে থাকা গাছ কাটা বা অপসারণ করা যাবে না। অধ্যাদেশ বাস্তবায়নের লক্ষ্যে প্রধান বন সংরক্ষক বিভাগীয় বন কর্মকর্তাদের বৃক্ষ সংরক্ষণ কর্মকর্তার দায়িত্ব দেবেন।

এছাড়া গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশিত কর্তন নিষিদ্ধ বৃক্ষের তালিকাভুক্ত বা বন অধিদপ্তর কর্তৃক বিপদাপন্ন ঘোষিত কোনো গাছ কাটা নিষিদ্ধ করা হয়েছে। তবে অনুমতি সাপেক্ষে কর্তনযোগ্য বৃক্ষের তালিকাভুক্ত ব্যক্তিমালিকানাধীন জমির গাছ নির্ধারিত নিয়ম অনুসরণ করে কাটা যাবে।

এ ক্ষেত্রে আবেদনকারীকে গাছের প্রজাতি, সংখ্যা, আনুমানিক উচ্চতা, বুক সমান উচ্চতায় বেড়, কর্তনের কারণসহ নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। আবেদন যাচাই ও সরেজমিন পরিদর্শনের পর আবেদন পাওয়ার ৩০ দিনের মধ্যে লিখিত সিদ্ধান্ত দেওয়ার বিধান রাখা হয়েছে অধ্যাদেশে।

অধ্যাদেশে গাছ কাটার ক্ষেত্রে সর্বোচ্চ শাস্তি হিসেবে এক লাখ টাকা জরিমানার ব্যবস্থাও রাখা হয়েছে।

বিজ্ঞাপন

Recommended For You