বেগম খালেদা জিয়ার মৃত্যুতে চাঁদপুরে গায়েবানা জানাজা অনুষ্ঠিত

বাংলা রিডার ডেস্ক
বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে চাঁদপুর জেলা বিএনপির উদ্যোগে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩১ ডিসেম্বর) বাদ জোহর চাঁদপুর শহরের হাসান আলী স্কুল মাঠে এ জানাজা অনুষ্ঠিত হয়। এতে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন এবং সর্বস্তরের মানুষ অংশ নেন। জানাজা শুরুর আগেই মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়।

জানাজার আগে সংক্ষিপ্ত বক্তব্য দেন চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্লাহ সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হারুনুর রশিদ, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ মাস্টার, প্রবীণ নেতা বীর মুক্তিযোদ্ধা সফি উদ্দিন আহমেদসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা। তারা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ও অবদান স্মরণ করেন এবং তার রুহের মাগফিরাত কামনা করেন।

গায়েবানা জানাজায় ইমামতি করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল চাঁদপুর জেলা শাখার সভাপতি মাওলানা জসিম উদ্দিন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন থানা বিএনপির সদস্য মাওলানা ওয়ালি রহমান। মোনাজাতে মরহুমার রুহের মাগফিরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি কামনা করা হয়।

উল্লেখ্য, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। পরদিন বুধবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রীয় মর্যাদায় তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাকে সংসদভবন এলাকার জিয়া উদ্যানে তার স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে সমাহিত করা হয়।

বিজ্ঞাপন

Recommended For You