
বাংলা রিডার ডেস্ক
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আজ মঙ্গলবার নির্ধারিত বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দুটি ম্যাচ বাতিল করা হয়েছে। ভোরে তাঁর ইন্তেকালের পর দেশজুড়ে শোকের আবহ তৈরি হলে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক বিজ্ঞপ্তিতে জানায়, প্রয়াত দেশনেত্রীর স্মৃতির প্রতি সম্মান জানিয়ে সিলেট টাইটান্স বনাম চট্টগ্রাম রয়্যালস এবং ঢাকা ক্যাপিটালস বনাম রংপুর রাইডার্সের ম্যাচ দুটি স্থগিত করা হয়েছে। ম্যাচগুলো পরবর্তীতে নতুন সূচিতে অনুষ্ঠিত হবে। পুনঃনির্ধারিত সময়সূচি যথাসময়ে জানানো হবে।
উল্লেখ্য, গত ২৩ নভেম্বর থেকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বেগম খালেদা জিয়া। আইসিইউতে থাকা অবস্থায় তাঁর শারীরিক অবস্থা সংকটাপন্ন ছিল বলে চিকিৎসকরা জানিয়েছেন। শেষ পর্যন্ত দেশের প্রথম নারী ও তিনবারের প্রধানমন্ত্রী আর সুস্থ হয়ে উঠতে পারেননি।



