
বাংলা রিডার ডেস্ক
ঘন কুয়াশার কারণে আজ সোমবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যা থেকে সারাদেশে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চলমান ঘন কুয়াশা আরও ঘনীভূত হওয়ার আশঙ্কায় আজ সন্ধ্যা ৫টা ৩০ মিনিট থেকে সদরঘাট থেকে চাঁদপুরসহ দক্ষিণাঞ্চলগামী সব ধরনের লঞ্চ চলাচল সাময়িকভাবে বন্ধ করা হয়েছে।
এর আগেও রোববার সন্ধ্যার পর ঘন কুয়াশার কারণে সদরঘাট থেকে সারাদেশে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হয়। একই পরিস্থিতির কারণে আজও সন্ধ্যার পর লঞ্চ চলাচল বন্ধ রয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে জানানো হয়েছে, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং কোথাও কোথাও তা দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে। কুয়াশার প্রভাবে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌপরিবহন ও সড়ক যোগাযোগ ব্যবস্থা সাময়িকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাতে ঘন কুয়াশার মধ্যে চাঁদপুরের মেঘনা নদীতে দুইটি লঞ্চের সংঘর্ষে চারজন নিহত হন। এ ঘটনার পর যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনায় রেখে কুয়াশাচ্ছন্ন অবস্থায় লঞ্চ চলাচলের অনুমতি দিচ্ছে না বিআইডব্লিউটিএ।



