শুভ বড়দিন আজ

বাংলা রিডার ডেস্ক
খ্রিষ্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ‘শুভ বড়দিন’ আজ। খ্রিষ্ট ধর্মের প্রবর্তক যিশুখ্রিষ্টের জন্মদিন উপলক্ষে প্রতিবছর ২৫ ডিসেম্বর বিশ্বজুড়ে দিনটি উদযাপন করা হয়।

বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও খ্রিষ্টান সম্প্রদায় আজ ধর্মীয় ভাবগাম্ভীর্য, প্রার্থনা ও আনন্দ-উৎসবের মধ্য দিয়ে বড়দিন পালন করছেন। রাজধানী ঢাকাসহ সারা দেশের গির্জাগুলোকে নতুন সাজে সাজানো হয়েছে। বড়দিনকে কেন্দ্র করে গত সন্ধ্যা থেকেই বিভিন্ন গির্জা ও তারকা হোটেলে আলোকসজ্জা করা হয়েছে।

বড়দিন উপলক্ষে আজ সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এদিন খ্রিষ্টান পরিবারগুলোতে থাকে কেকসহ বিশেষ খাবারের আয়োজন। পাশাপাশি দেশের বিভিন্ন এলাকায় কীর্তন ও ধর্মীয় গানের আসর বসেছে।

বড়দিনের ছুটিতে অনেকেই আত্মীয়স্বজনের সঙ্গে সময় কাটাতে গ্রামে কিংবা অন্যত্র ভ্রমণে গেছেন। পরিবার-পরিজনের সঙ্গে আনন্দ ভাগ করে নেওয়াই এ দিনের অন্যতম আকর্ষণ।

রাজধানীর তারকা হোটেলগুলোতে ক্রিসমাস ট্রি ও শান্তা ক্লজ দিয়ে সাজানো হয়েছে অভ্যন্তরীণ পরিবেশ। বড়দিনের প্রাক্কালে গত রাতে বিভিন্ন গির্জায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। আজ সকাল থেকেও বড়দিন উপলক্ষে প্রার্থনা ও ধর্মীয় আনুষ্ঠানিকতা চলবে।

খ্রিষ্টান ধর্মাবলম্বীদের বিশ্বাস, মানবজাতিকে সত্য ও ন্যায়ের পথে পরিচালিত করতে এবং সৃষ্টিকর্তার মহিমা প্রচারের জন্যই যিশুখ্রিষ্টের পৃথিবীতে আগমন ঘটেছিল।

বিজ্ঞাপন

Recommended For You