পরিবারসহ চাঁদপুরের বিএনপি প্রার্থী জালাল উদ্দিনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

বাংলা রিডার ডেস্ক

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন, ব্যাংক হিসাবে অর্থ স্থানান্তরের মাধ্যমে অর্থ বৈধ করার চেষ্টা এবং বিদেশে অর্থপাচারের অভিযোগে চাঁদপুর-২ (মতলব) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ড. জালাল উদ্দিনসহ পাঁচজনের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

সোমবার (২২ ডিসেম্বর) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের শুনানি শেষে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের অবকাশকালীন বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এ আদেশ দেন।

দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, ড. জালাল উদ্দিনের বিরুদ্ধে সপরিবারে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও অর্থপাচারের অভিযোগ অনুসন্ধানাধীন রয়েছে। সংশ্লিষ্টরা বিদেশে চলে গেলে চলমান অনুসন্ধান ব্যাহত হতে পারে এবং গুরুত্বপূর্ণ তথ্য-প্রমাণ সংগ্রহে জটিলতা তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।

তিনি বলেন, জনস্বার্থ বিবেচনায় অভিযুক্তদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা আরোপের আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করেন।

দুদকের তথ্যমতে, ড. জালাল উদ্দিন ছাড়াও নিষেধাজ্ঞার আওতায় থাকা অন্যরা হলেন তার পরিবারের সদস্য শাহানাজ পারভিন, সাঈদ মোহাম্মদ রিজভী, সাঈদ মোহাম্মদ আলভী এবং আয়েশা তাসিনীমা তানিভী।

আদালতে দাখিল করা আবেদনে দুদকের সহকারী পরিচালক ও অনুসন্ধানকারী কর্মকর্তা এস এম মামুনুর রশীদ উল্লেখ করেন, অভিযুক্তরা অবৈধভাবে অর্জিত অর্থ নিজস্ব ও স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের নামে বিভিন্ন ব্যাংক হিসাবে স্থানান্তরের মাধ্যমে বৈধ করার চেষ্টা করেছেন। পাশাপাশি বিদেশে অর্থপাচারের অভিযোগেও তাদের বিরুদ্ধে অনুসন্ধান চলছে।

আবেদনে আরও বলা হয়, গোপন সূত্রে জানা গেছে—অভিযুক্তরা দেশত্যাগের প্রস্তুতি নিচ্ছিলেন। তারা বিদেশে পালিয়ে গেলে অনুসন্ধান কার্যক্রম দীর্ঘায়িত বা ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

দুদকের পক্ষে উপস্থাপিত যুক্তি ও দাখিল করা নথিপত্র পর্যালোচনা শেষে আদালত আবেদনটি মঞ্জুর করেন। আদেশে বিশেষ পুলিশ সুপার (ইমিগ্রেশন-প্রশাসন), স্পেশাল ব্রাঞ্চ, বাংলাদেশ পুলিশসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিষেধাজ্ঞা কার্যকরে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

এ ছাড়া আদেশ পাওয়ার সাত কার্যদিবসের মধ্যে অভিযুক্তদের বর্তমান অবস্থান সম্পর্কে অনুসন্ধানকারী কর্মকর্তাকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। আদেশের অনুলিপি দুদকের সংশ্লিষ্ট দপ্তর ও দায়িত্বপ্রাপ্ত সংস্থাগুলোর কাছেও পাঠানোর নির্দেশ দেন আদালত।

বিজ্ঞাপন

Recommended For You