পোস্টাল ব্যালট ব্যবস্থা হবে বিশ্বসেরা মডেল: সিইসি

বাংলা রিডার ডেস্ক

দেশে প্রথমবার চালু হওয়া পোস্টাল ব্যালট ব্যবস্থা ভবিষ্যতে বিশ্বব্যাপী একটি আদর্শ মডেল হিসেবে স্বীকৃতি পাবে বলে আশা প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। এই হাইব্রিড ভোটিং ব্যবস্থায় নির্বাচন কমিশন সন্তুষ্ট বলে জানান তিনি এবং আগামী তিন দিনের মধ্যে নিবন্ধনের হার আরও বাড়বে বলেও আশাবাদ ব্যক্ত করেন।

সোমবার (আজ) সকালে রাজধানীর তেজগাঁওয়ে ডাক বিভাগের মেইল সেন্টার পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন সিইসি।

তিনি জানান, পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধনের সময় আর মাত্র তিন দিন বাকি রয়েছে। দেশের ভেতরে যাঁরা এই পদ্ধতিতে ভোট দিতে আগ্রহী, তাঁদের দ্রুত নিবন্ধন সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে। নির্বাচন কমিশনের ধারণা, সময়ের সঙ্গে সঙ্গে এই প্রযুক্তিনির্ভর ব্যবস্থার মান আরও উন্নত হবে। নিবন্ধনের হার বাড়াতে গণমাধ্যমের সহযোগিতাও কামনা করেন তিনি।

নাসির উদ্দিন বলেন, পোস্টাল ব্যালট বাস্তবায়নে কমিশনকে বিভিন্ন বৈশ্বিক ও কারিগরি চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়েছে। কানাডায় ডাক ধর্মঘটের সময় উদ্ভূত জটিলতা, মধ্যপ্রাচ্যে প্রবাসীদের নিবন্ধন সমস্যা এবং একাধিক সাইবার হামলার ঝুঁকি সফলভাবে মোকাবিলা করে ব্যবস্থাটিকে কার্যকর ও নিরাপদ রাখা সম্ভব হয়েছে।

নির্বাচনের নিরাপত্তা ও পরিবেশ নিয়ে আশাবাদ ব্যক্ত করে সিইসি বলেন, ভোট নিয়ে জনমনে আস্থা ফিরবে বলে কমিশন শতভাগ বিশ্বাস করে। সাম্প্রতিক ‘হাদি ইস্যু’কে কেন্দ্র করে কিছু উদ্বেগ তৈরি হলেও ভোটের দিন যত এগিয়ে আসবে, মানুষের শঙ্কা তত কমবে বলে তিনি মনে করেন। প্রধান উপদেষ্টার দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে কমিশন দৃঢ়প্রতিজ্ঞ এবং এবারের নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচন কমিশনের প্রতি জনগণের আস্থা পুনরুদ্ধার হবে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

Recommended For You