
বাংলা রিডার ডেস্ক
শাশুড়ি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পাশে টানা দুই সপ্তাহ অবস্থানের পর আবারও লন্ডনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
শনিবার (২০ ডিসেম্বর) সকাল পৌনে ৯টার দিকে তিনি বাংলাদেশ বিমানের বিজি-২০২ ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশে যাত্রা করেন। এর আগে সকাল ৭টা ১০ মিনিটে ধানমন্ডিতে বাবার বাসা থেকে বিমানবন্দরের পথে রওনা হন তিনি। যাত্রাপথে তার গাড়িবহর বিশেষ নিরাপত্তা ব্যবস্থার আওতায় রাখা হয়।
এ সময় ডা. জুবাইদা রহমানের সঙ্গে পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।
জানা গেছে, লন্ডনে পৌঁছানোর চারদিন পর আগামী ২৫ ডিসেম্বর স্বামী তারেক রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমানকে সঙ্গে নিয়ে তিনি পুনরায় দেশে ফেরার পরিকল্পনা করছেন।
উল্লেখ্য, প্রায় এক মাস ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বেগম খালেদা জিয়া। অসুস্থ শাশুড়ির উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে গত ৫ ডিসেম্বর যুক্তরাজ্য থেকে দেশে আসেন ডা. জুবাইদা রহমান। দেশে অবস্থানকালে তিনি বেগম জিয়ার চিকিৎসার বিভিন্ন দিক নিবিড়ভাবে তত্ত্বাবধান করেন। তবে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বিদেশে নেওয়া সম্ভব না হওয়ায় তিনি শাশুড়ির পাশে থেকে প্রায় দুই সপ্তাহ সময় কাটান।



