
বাংলা রিডার ডেস্ক
মিয়ানমারের ঐতিহাসিক গোকটেইক রেলসেতু বোমা হামলায় ধ্বংস হয়ে গেছে। সামরিক জান্তা সরকারের দাবি, বিদ্রোহী গোষ্ঠীগুলো বিস্ফোরণের মাধ্যমে ঔপনিবেশিক আমলের এই গুরুত্বপূর্ণ রেলসেতুটি উড়িয়ে দিয়েছে।
রোববার ফরাসি বার্তা সংস্থা এএফপি জানায়, জান্তা সরকারের মুখপাত্র জ্য মিন তুন এক ভিডিও বার্তায় বলেন, “তা’আং ন্যাশনাল লিবারেশন আর্মি (টিএনএলএ) এবং পিপলস ডিফেন্স ফোর্সের (PDF) সদস্যরা মিলে গোকটেইক রেলসেতুতে বিস্ফোরণ ঘটিয়েছে।”
উল্লেখ্য, ১৯০১ সালে ব্রিটিশ আমলে নির্মিত গোকটেইক সেতুটি মিয়ানমারের সর্বোচ্চ রেলসেতু হিসেবে পরিচিত। এটি ভূমি থেকে প্রায় ৩৩৪ ফুট উঁচুতে অবস্থিত এবং একসময় এটি বিশ্বের সর্বোচ্চ রেলওয়ে ট্রেসেল সেতু হিসেবেও পরিচিত ছিল।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও ছবিতে দেখা গেছে, মান্দালয় থেকে উত্তর শান রাজ্যের সংযোগকারী এই সেতুর একটি বড় অংশ ধসে পড়েছে ও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
তবে টিএনএলএর মুখপাত্র লওয়ে ইয়াই উ সেনাবাহিনীর অভিযোগ অস্বীকার করেছেন। তিনি পাল্টা দাবি করে বলেন, “আজ সকালে মিয়ানমার সেনারা ড্রোন দিয়ে আমাদের ঘাঁটিতে হামলা চালায়। তাদের ফেলা বোমার একটি গোকটেইক সেতুতে আঘাত হানে।”
২০২১ সালের অভ্যুত্থানের পর থেকে সামরিক জান্তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছে বিভিন্ন জাতিগোষ্ঠীর সশস্ত্র দল ও গণতন্ত্রকামী যোদ্ধারা। এর ফলে দেশজুড়ে ছড়িয়ে পড়েছে সহিংসতা ও গৃহযুদ্ধ।
সম্প্রতি নাওংকিও ও কিয়াউকমি শহরে জান্তা বাহিনী ও বিদ্রোহীদের মধ্যে তীব্র সংঘর্ষ হয়েছে। যদিও জুলাইয়ে জান্তা দাবি করেছিল, তারা নাওংকিও শহরের পূর্ণ নিয়ন্ত্রণ পুনরায় অর্জন করেছে।
সূত্র: এএফপি



