৬ সেপ্টেম্বর পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপিত হবে

বাংলা রিডার ডেস্ক

বাংলাদেশের আকাশে আজ রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় আগামী ৬ সেপ্টেম্বর ২০২৫, শনিবার পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত হবে।

আজ রবিবার (২৪ আগস্ট) সন্ধ্যায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সভাকক্ষে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব একেএম আফতাব হোসেন প্রামাণিকের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়।

ইসলামিক ফাউন্ডেশনের সহকারী জনসংযোগ কর্মকর্তা শায়লা শারমীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ ২৯ সফর ১৪৪৭ হিজরি তারিখে দেশের আকাশে কোথাও রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামীকাল ২৫ আগস্ট সফর মাস ৩০ দিন পূর্ণ হবে এবং ২৬ আগস্ট (সোমবার) থেকে পবিত্র রবিউল আউয়াল মাস গণনা শুরু হবে।

বৈঠকে চাঁদ দেখা সংক্রান্ত সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের কেন্দ্রীয় ও আঞ্চলিক কার্যালয়, আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) থেকে প্রাপ্ত তথ্য পর্যালোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

এছাড়া বৈঠকে চাঁদ দেখা সংক্রান্ত একটি নীতিমালার খসড়া উপস্থাপন করা হলে, তা পর্যালোচনার জন্য ১০ সদস্যের একটি কমিটি গঠন করা হয়।

সভায় উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম খান, প্রধান তথ্য কর্মকর্তা নিজামূল কবীর, ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আ. আউয়াল হাওলাদার, মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম-সচিব মো. খোরশেদ আলম খান, স্পারসো চেয়ারম্যান ড. মুহাম্মদ শহিদুল ইসলাম, চরমোনাই আহছানাবাদ রশিদিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মমিনুল ইসলাম, ওয়াকফ প্রশাসনের প্রতিনিধি শামীম আহমেদ, চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. আব্দুল্লাহ ফারুক, সরকারি মাদরাসা-ই-আলিয়ার অধ্যক্ষ মো. ওবায়দুল হকসহ অন্যান্য আলেম ও কর্মকর্তারা।

বিজ্ঞাপন

Recommended For You